রেলওয়ে এমপ্লয়িজ লীগএর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে --
সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান ============
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, রেল খাতকে যারা দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন এবং বছরের পর বছর লোকসানি প্রতিষ্ঠানে পরিণত করেছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। নতুন বাংলাদেশে দুর্নীতির সঙ্গে কোনো আপস মেনে নেওয়া হবে না।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় ‘যেখানেই রেল, সেখানেই বিআরইএল’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (বিআরইএল)-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামের সিআরবি চত্বরে বিআরইএল চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিআরইএলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম অঞ্চল সভাপতি মো. মনিরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও চট্টগ্রাম অঞ্চলের সেক্রেটারি মো. মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বাংলাদেশ রেলওয়ের সব কর্মকর্তা-কর্মচারীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন,
প্রচলিত ট্রেড ইউনিয়নের ধারার বিপরীতে একটি আদর্শিক, জবাবদিহিমূলক, গঠনমূলক ও কল্যাণমূলক সংগঠন হিসেবে বিআরইএল কাজ করছে। এই কল্যাণ শুধু শ্রমিকদের জন্য নয়, বরং আপামর মুক্তিকামী মানুষের জন্য। রেল খাতের উন্নয়ন, জনসাধারণের সেবা নিশ্চিত করা, রেলকে জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই সংগঠনটির লক্ষ্য।
তিনি বলেন, দেশে সরকার আসে, সরকার যায়; কিন্তু রেলের ভাগ্যের পরিবর্তন হয় না। সাধারণ মানুষ রেল থেকে প্রত্যাশিত সেবা পাচ্ছে না। বছরের পর বছর রেল অলাভজনক অবস্থায় পড়ে আছে। পরিবর্তন হয়নি রেলশ্রমিকদের ভাগ্যেরও। ফ্যাসিবাদী আমলে একজন রেলমন্ত্রী কালো বিড়াল ধরার কথা বলে নিজেই কালো বিড়ালের তালিকায় নাম উঠিয়েছিলেন এবং শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছিলেন।
রেল খাতের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, যারা রেলকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সরকারের একজন মন্ত্রীর ঠিকাদারের দেওয়া ‘উপহারের টাকা’ নেওয়ার বৈধতা নিয়ে বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের বক্তব্য দুর্নীতিকে বৈধতা দেওয়ার অপচেষ্টা। নতুন বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারের মধ্যে জবাবদিহি থাকলে সংশ্লিষ্ট মন্ত্রীকে আইনের আওতায় আনতে হবে। জনগণের করের টাকায় উন্নয়নকাজের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
আতিকুর রহমান আরও বলেন, চব্বিশ-পরবর্তী বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে ফ্যাসিবাদী আমলের দলবাজি ও অনিয়মের সংস্কৃতি চলতে দেওয়া যাবে না। রেলওয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দলবাজির পরিণতি কী হতে পারে, তা অতীত থেকে শিক্ষা নিতে হবে। রেলওয়েকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান ।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও বিআরইএল কেন্দ্রীয় সভাপতি আক্তারুজ্জামান, পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী, বিআরইএলের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবিএম এহতেশাম উদ্দিন এবং কেন্দ্রীয় সহসভাপতি ওমর ফারুক।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজুল আলম, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের ইলিয়াস হোসাইন, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের কামরুল হুদা এবং ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের তৌসিফ সুলতান রফি। অনুষ্ঠানে বিআরইএলের কেন্দ্রীয় ও চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়ন, কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং রেলওয়ের আবাসন ব্যবস্থার আধুনিকায়নের দাবি জানান। তাঁরা রেলওয়ের বাসাবাড়ির অবৈধ দখলদার উচ্ছেদ, কর্মকর্তা-কর্মচারীদের জন্য আধুনিক আবাসন ব্যবস্থা গড়ে তোলা এবং স্থান ও আয়তনভিত্তিক বাসাভাড়া নির্ধারণের আহ্বান জানান।
এ ছাড়া নিয়োগবিধি সংশোধন করে দ্রুত জনবল নিয়োগ, পদোন্নতি নিশ্চিত করা এবং রেলওয়ের সব পর্যায়ে দুর্নীতি বন্ধের দাবি জানান বক্তারা। সংবাদ প্রকাশঃ ১১-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com