অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে হুমকি, আদালত চত্বরে হেনস্তা ও হত্যার ভয় দেখানোর অভিযোগ
সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===========
কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক পূর্বকোণ ও দৈনিক ভোরের দর্পণের কক্সবাজার জেলা প্রতিনিধি এরফান হোসাইন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কক্সবাজার আদালত চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
সাংবাদিক এরফান হোসাইনের অভিযোগ, ছাত্রদল নেতা রহিম উল্লাহ খান রানা কয়েকজন সহযোগীকে নিয়ে তাঁর সংবাদ সংগ্রহে বাধা দেন। একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করা হয়।
এরফান হোসাইনের দাবি, একই দিন জাতীয় দৈনিক ভোরের দর্পণে ‘কোটি টাকার বাঁধ কেটে মৎস্যপ্রকল্প’ শিরোনামে তাঁর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে ছাত্রদল নেতা রানার ভাই হিরুর নাম উঠে আসায় তিনি ক্ষুব্ধ ছিলেন। এ প্রতিবেদন প্রকাশের পর সকাল থেকেই তাঁকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি।
সাংবাদিকের ভাষ্য, এরই ধারাবাহিকতায় বিকেলে আদালত চত্বরে সংবাদ সংগ্রহের সময় রানা ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা তাঁকে বাধা দেন এবং হামলা চালান।
তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন, ড্রোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। পরে ঘটনাস্থল ত্যাগের সময় ভবিষ্যতে সংবাদ প্রকাশ করলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়।
এরফান হোসাইন বলেন, ‘আমি এ ঘটনার বিচার চাই। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের যদি এভাবে হামলা ও হেনস্তার শিকার হতে হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।’
এদিকে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের জেরে সাংবাদিককে হুমকি, সংবাদ সংগ্রহে বাধা, হামলা ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে কক্সবাজারের সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে। সংবাদ প্রকাশঃ ১১-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com