উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, প্রতিবাদে চার স্থানে মহাসড়ক অবরোধ

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ============কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নুরুল আমিনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে রাতেই কক্সবাজার-টেকনাফ মহাসড়কের অন্তত চারটি স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, দেশীয় অস্ত্রে সজ্জিত ১০ থেকে ১২ জনের একটি দল আকস্মিকভাবে নুরুল আমিনের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় একাধিক কোপ দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
পালংখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম রেজা এ হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের দায়ী করেছেন। তাঁর দাবি, নুরুল আমিনের মাথায় চার থেকে পাঁচটি কোপ দেওয়া হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। এ সময় জরুরি ভিত্তিতে রক্তের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়।
হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। তাঁর অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বিএনপি নেতার ওপর এ হামলা চালিয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে রাতেই উত্তপ্ত হয়ে ওঠে উখিয়ার রাজনৈতিক পরিস্থিতি। ক্ষুব্ধ নেতা-কর্মীরা কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পালংখালী স্টেশন, থাইংখালী ও উখিয়া সদরসহ অন্তত চারটি স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। আটকা পড়েন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের মানুষ। রাত ১০টা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসী হামলায় একজন বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে হামলার পেছনের প্রকৃত কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় কিংবা কোনো পূর্ববিরোধের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিএনপি নেতাদের অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্যও পাওয়া যায়নি।
একজন রাজনৈতিক নেতার ওপর সশস্ত্র হামলার পর রাতেই মহাসড়ক অবরোধের ঘটনায় উখিয়ায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা হবে। সংবাদ প্রকাশঃ ০৯-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=