সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান ----===== দলীয় শৃঙ্খলা ভঙ্গ, প্রবীণ নেতাদের সঙ্গে শিষ্টাচার বহির্ভূত আচরণ এবং এক যুবককে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ২ নং শিদলাই ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. আশিকুর রহমানের পদ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে ইউনিয়ন বিএনপি।
ইউনিয়ন বিএনপির আবেদন এবং থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর শিদলাই ইউনিয়নের নাজনীন হাই স্কুলে স্থানীয় এমপির একটি কর্মসূচি ও ২ নভেম্বর খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিল নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়। এতে ছাত্রদল নেতা আশিকুর রহমানের মাধ্যমে বিএনপির প্রবীণ নেতাদের না জানিয়ে আমন্ত্রণ জানানো হয়। বিষয়টি নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ সরকার আলোচনা করে তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিলে ছাত্রদল আহ্বায়ক আশিকুর রহমান ক্ষুব্ধ হয়ে প্রবীণ নেতাদের সঙ্গে চরম শিষ্টাচার বহির্ভূত ও কটু ভাষায় কথাবার্তা বলেন।
এছাড়া, গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় শিদলাই এলাকায় পাকা রাস্তার ওপর পূর্ববিরোধের জের ধরে আশিকুর রহমানের নেতৃত্বে মো. সজীব সরকার (২৮) নামে এক যুবককে দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠি-সোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় তার মাথায় রড দিয়ে আঘাত করা হলে তিনি মারাত্মক রক্তাক্ত হন এবং পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই মারধরের ঘটনায় মো. বদর উদ্দিন বাদী হয়ে আশিকুর রহমানকে ১ নং আসামি করে ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দলীয় নেতাদের অপমান ও পরবর্তীতে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ সরকার ও অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের স্বাক্ষরে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি বরাবর এক লিখিত আবেদন পাঠানো হয়। আবেদনপত্রে দলের ভাবমূর্তি রক্ষায় এবং বিশৃঙ্খলা এড়াতে আশিকুর রহমানকে ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে অবিলম্বে বহিষ্কারের জোরালো দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সিদলাই ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ সরকার বলেন, ‘ছাত্রদলের আহ্বায়ক আশিকুর রহমান নেতৃত্বে আসার পর থেকেই অনেকের সাথে বেয়াদবি করে আসছে। প্রবীণ নেতাদের তুচ্ছতাচ্ছিল্য করাসহ তার বিরুদ্ধে অনেক অভিযোগ আমার নলেজে এসেছে। দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে আমরা বিএনপির নেতৃবৃন্দ তার বহিষ্কারাদেশ দাবি জানিয়েছি।’
অভিযোগের বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। উদ্ভূত পরিস্থিতি নিষ্পত্তি ও সমাধানের লক্ষ্যে আমরা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সাথে যোগাযোগ করছি। আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ সংবাদ প্রকাশঃ ০৬-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com