সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন, সংবাদদাতা জানান ===============
মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ, তরুণ প্রজন্মকে অপরাধের অন্ধকার জগৎ থেকে সুরক্ষা এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের কণ্ঠনগরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় কণ্ঠনগর সচেতন এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় কণ্ঠনগর বাজারে আয়োজিত এ কর্মসূচিতে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে একটি র্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান চৌধুরী।
পীরযাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান রনির পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মো. কামরুল হাসান নাসিম এবং সঞ্চালনা করেন ইউপি সদস্য মো. বাহারুল ইসলাম জহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ হুমায়ুন কবির, সামাজিক ব্যক্তিত্ব মো. কামাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন ভূইয়া মেম্বার, তোফাজ্জল হোসেন মেম্বার ও সফিকুল ইসলাম মেম্বার। এ সময় আরও উপস্থিত ছিলেন ওহিদুর রহমান, ইমাম হোসেন ডালিম, জাকির হোসেন, পলিন, জিহান শাকিল, হান্নান, সোলেমান কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. লুৎফর রহমান চৌধুরী বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহ প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে, সন্তানদের চলাফেরা, বন্ধুমহল ও কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে কোনো শিক্ষার্থী বা কিশোর অপরাধচক্রের সঙ্গে জড়িয়ে না পড়ে।
তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এলাকায় মাদক কারবারি ও অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না, বরং একটি পরিবার ও সমাজের স্বাভাবিক পরিবেশকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। অন্যদিকে, কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা তরুণদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তোলার পাশাপাশি জননিরাপত্তার জন্যও উদ্বেগ সৃষ্টি করে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। সম্মিলিত সচেতনতা, দায়িত্বশীল ভূমিকা এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কণ্ঠনগরসহ পুরো এলাকায় মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা। সংবাদ প্রকাশঃ ২১-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com