কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবি

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: ==============প্রবাসফেরত ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো, ৭ লাখ টাকা চাঁদা দাবি এবং পুলিশি নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লার জোহরা বেগম নামের এক ভুক্তভোগী মা। বুধবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভুক্তভোগী জোহরা বেগম কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবির বাজার গাজীপুর এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রবাসফেরত জুয়েলের মা জোহরা বেগম অভিযোগ করে বলেন, “আমার ছেলে জুয়েল,পিতা আব্দুল মান্নান বিদেশ থেকে আসার পর প্রতিবেশী মৃত শাহ আলমের মেয়ে তানহা ইসলাম ইতিকে ভালোবেসে পালিয়ে বিয়ে করে। পরবর্তীতে মেয়ের পরিবার বিষয়টি সামাজিকভাবে সমাধানের আশ্বাস দিলে তারা দুজন বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে ফেরার পরপরই মেয়ের পরিবার প্রতিশ্রুতি ভঙ্গ করে আমার ছেলের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দিয়ে তাকে জেলহাজতে পাঠায়।”
জোহরা বেগম আরও অভিযোগ করেন, ইতির নানা ইসাক এরশাদ মিয়া ইউসুফ মিয়া পরবর্তীতে মামলা তুলে নেওয়া এবং বিষয়টি সমাধানের কথা বলে ৭ লক্ষ টাকা চাঁদা দাবি করে। শুধু তা-ই নয়, কুমিল্লা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হালিম বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। পাশাপাশি গালাগাল করা এবং নতুন নতুন মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন বলেও জানান তিনি।
ভুক্তভোগী মা আকুতি জানিয়ে বলেন, “ইছাক, এরশাদ মিয়া ও ইউসুফ মিয়া প্রায়ই বহিরাগতদের নিয়ে আমাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। বর্তমানে আমরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি। নিরুপায় হয়েই আজ প্রশাসনের সামনে সত্য তুলে ধরতে বাধ্য হয়েছি।”
সংবাদ সম্মেলন থেকে ছেলে জুয়েলকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদানের পাশাপাশি পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে নাজমা বেগম, হাজেরা ও নিপু আক্তারসহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ১৪-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=