সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ==========================
একটি কলেজ, একটি স্বপ্ন, আর একটি দীর্ঘদিনের প্রাণের দাবি—নিমসার জুনাব আলী কলেজ জাতীয়করণ। সেই দাবিকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসারে বৃহস্পতিবার ১ অক্টোবর যেন মানুষের ঢল নামে। শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের প্রায় ১০ হাজার মানুষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থান নিয়ে ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানটি জাতীয়করণের দাবি জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে তার গাড়িবহর অতিক্রম করার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে তাঁর দৃষ্টি আকর্ষণ করতে নিমসার জুনাব আলী কলেজের সামনে জড়ো হন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন; কণ্ঠে একটাই দাবি—‘এক দফা, এক দাবি—নিমসার জুনাব আলী কলেজ জাতীয়করণ করতে হবে।’
কলেজের সামনে থেকে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে মানুষের এই অবস্থান ও স্লোগানে মুখর হয়ে ওঠে মহাসড়কের দুই পাশ। দীর্ঘদিনের প্রত্যাশা আর বঞ্চনার কথা তুলে ধরে শিক্ষার্থী ও এলাকাবাসী তাদের দাবিটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন।
শিক্ষার্থীরা বলেন, ১৯৭২ সালে বুড়িচং উপজেলায় সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় নিমসার জুনাব আলী কলেজ। প্রতিষ্ঠার পর থেকে প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ খুলে দিয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কলেজটি জাতীয়করণের সুযোগ পায়নি। প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও জাতীয়করণ না হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের আক্ষেপ রয়েছে।
কলেজের একাদশ, দ্বাদশ ও ডিগ্রি শ্রেণির শিক্ষার্থী আয়শা, রায়হা উদ্দিন, জাকির আহমেদ, ইফতেখার, তনিমা ও শিবলী বলেন, ‘১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে এ কলেজটি এ অঞ্চলের শিক্ষার বাতিঘর হিসেবে কাজ করছে। আমাদের একটাই দাবি—প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিমসার জুনাব আলী কলেজ জাতীয়করণের দাবি বাস্তবায়ন করা।’
কলেজ প্রতিষ্ঠাতা জুনাব আলী সাহেবের ছেলে গোলাম সারওয়ার বলেন, ‘আমাদের পরিবার বিএনপি সমর্থিত হওয়ায় কলেজটি দীর্ঘদিন নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়ে আসছে। সরকারি উন্নয়নের তেমন কোনো সুযোগ-সুবিধা এ পর্যন্ত কলেজটিতে আসেনি। বুড়িচং উপজেলা পর্যায়ে সর্বপ্রথম প্রতিষ্ঠিত এ কলেজটির প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও বিগত আওয়ামী লীগ সরকার কোনো সুযোগ-সুবিধা দেয়নি এবং জাতীয়করণও করেনি।’
তিনি আরও বলেন, ‘আমার বাবা ও আমাদের পুরো পরিবার বিএনপি সমর্থিত হওয়ায় নিমসার জুনাব আলী কলেজ এবং নিমসার তাহেরা জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয় বৈষম্যের শিকার হয়েছে বলে আমরা মনে করি। এখন আমরা সব বৈষম্যের অবসান চাই। এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি—নিমসার জুনাব আলী কলেজকে জাতীয়করণ করা হোক।’
কলেজের অধ্যক্ষ মামুন মিয়া মজুমদার বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রাণের দাবি এই ঐতিহ্যবাহী কলেজটি জাতীয়করণ করা। দীর্ঘদিন ধরে কলেজটি জাতীয়করণের অপেক্ষায় রয়েছে।’
তিনি বলেন, ‘এ কলেজে বিএসএস, বিএ, কমার্সসহ বিভিন্ন শিক্ষাক্রম এবং সাতটি বিষয়ে অনার্স চালু রয়েছে। জাতীয়করণ করা হলে এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে। প্রত্যন্ত এলাকার বহু পরিবারের সন্তান সহজে উচ্চশিক্ষার সুযোগ পাবে। এতে এ অঞ্চলের শিক্ষার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।’
দাবি আদায়ের এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর কণ্ঠে বারবার ধ্বনিত হয় একই প্রত্যাশা—‘এক দফা, এক দাবি—নিমসার জুনাব আলী কলেজ জাতীয়করণ করতে হবে।’
দীর্ঘদিনের প্রত্যাশা, আবেগ আর অধিকারবোধকে সামনে রেখে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর এই সমবেত দাবি এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। সংবাদ প্রকাশঃ ০১-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com