সিটিভি নিউজ24।। জহিরুল হক বাবু, কুমিল্লা: ।।
কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার সকালে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে ভুবনঘর গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় তারা আগের স্থানেই ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং বক্তব্য রাখেন।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্র হিসেবে ভোটগ্রহণ হয়ে আসছে। ওই কেন্দ্রে এলাকার প্রায় ৪ হাজার থেকে ৫ হাজার লোক ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সেখানে বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
তাদের দাবি, আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রটি ভুবনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ভোটারদের দুর্ভোগ বাড়বে। বিশেষ করে বয়স্ক নারী-পুরুষসহ দূরের ভোটারদের ভোটকেন্দ্রে যাতায়াতে সমস্যা হতে পারে।
স্থানীয়রা আরও বলেন, আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে পর্যাপ্ত কক্ষ, বড় ভবন ও বিশাল মাঠ রয়েছে। সেখানে ভোটারদের দাঁড়ানো, ভোটগ্রহণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের পর্যাপ্ত সুযোগ রয়েছে। বিপরীতে প্রস্তাবিত ভুবনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জায়গা তুলনামূলক কম।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আমড়াতলী ইউনিয়নের মোতালেব,ফিরোজ,কামাল হোসেন মেম্বার,
মো: আবুল হোসেন, হাজী সফিক মেম্বার,মিনু বেগম,
মর্জিনা আক্তার,মো: ইয়াছিন,মো: দুলাল মিয়া,জলিল মিয়া,বাবুল মিয়া,আলম মিয়া,হানিফ হোসেন,আক্তার, মাহবুব মিয়া,মানিক মিয়া প্রমুখ।
মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে ভুবনঘর আবুল হাসেম আবাসিয়া উচ্চ বিদ্যালয়কে পুনরায় ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণের দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com