বরুড়ায় আদ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ================‘শিক্ষাই আলোকিত করুক ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বরুড়া উপজেলার ১৩ নং আদ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষাক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান এবং তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৩ নম্বর আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রাকিবুল হাসান লিমন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি।

স্বাগত বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রাকিবুল হাসান লিমন বলেন, এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো ইউনিয়নের শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধি করা এবং তাদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা। এ বছর ইউনিয়নের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাতালিকায় প্রথম পাঁচজনকে বৃত্তি ও সংবর্ধনার আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নত হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। অন্য ইউনিয়নের তুলনায় আদ্রা ইউনিয়নের শিক্ষার্থীরা যেন আরও ভালো ফলাফল অর্জন করতে পারে, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসাদুজ্জামান রনি বলেন, আদ্রা ইউনিয়নের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থী এবং পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।

তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে হবে।

সংবর্ধনা পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে পেরপেটি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী রোকেয়া আক্তার বলেন, “আদ্রা ইউনিয়ন পরিষদের আয়োজনে এমন একটি সংবর্ধনা অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি নিজেকে গর্বিত ও আনন্দিত মনে করছি। ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই।”

নিজের এ কৃতিত্বের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি তাঁর মা ও শিক্ষকদের অবদানের কথাও স্মরণ করেন।

অন্যদিকে, পেরপেটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. মাহাদিউর রহমান নিহাদ ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন , “এমন একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত। ভবিষ্যতে একজন প্রকৌশলী হতে চাই এবং নিজের স্বপ্ন পূরণে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে চাই।”

অনুষ্ঠানে আদ্রা ইউনিয়নের প্রত্যেকটি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাতালিকায় প্রথম পাঁচজন, পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারীসহ মোট ১৫০ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ও পেরপেটি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল পারভেজ, এবং আদ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার আবুল বাশার।

পেরপেটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জামাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পেরপেটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছফিউল্লাহ, এক বাড়িয়া হাফিজ আহমেদ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক স্বপন মজুমদার, ইঞ্জিনিয়ার মানিক লাল মজুমদার, একবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝরনা মজুমদার, ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন।

এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকেরা মনে করেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে। সংবাদ প্রকাশঃ ২৯-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন