উখিয়ায় কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার ওয়ান শুটার গান

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান সংবাদদাতা কক্সবাজার জেলা =============== কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে আলোচিত কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোহাম্মদ জুবায়েরকে (২৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২ ওয়েস্টের ডি/৯ ব্লকে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টা ২০ মিনিটের দিকে এসআরবি-১৫-এর সিপিসি-২-এর হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল কুতুপালং ক্যাম্পের একটি বসতঘরে অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জুবায়েরকে আটক করা হয়।

পরে সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ, বসতঘর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। জিজ্ঞাসাবাদে তার হেফাজতে অস্ত্র থাকার তথ্য পাওয়ার পর বসতঘরের শয়নকক্ষসংলগ্ন ডাইনিং কক্ষে একটি প্লাস্টিকের টেবিলের নিচ থেকে দেশীয় তৈরি ওয়ান শুটার গানটি উদ্ধার করা হয়। এ সময় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, গ্রেপ্তার মোহাম্মদ জুবায়ের কুতুপালং ক্যাম্পের বাসিন্দা। তিনি মৃত কবির আহমেদ ও জুহুরা বেগমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার তথ্য অনুযায়ী, তিনি উখিয়ার আলোচিত কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে উখিয়া থানায় আরও একটি অস্ত্র মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

গ্রেপ্তার জুবায়েরকে উদ্ধার করা অস্ত্রসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অপরাধ দমন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২৭-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন