পীরযাত্রাপুরে মিজানুর রহমানের গণসংযোগ ও লিফলেট বিতরণ

পীরযাত্রাপুরের মানুষের পাশে থাকার প্রত্যয় মিজানুর রহমানের
সাদকপুর বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ
সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক।। ==========
কখনো বাজারের ব্যবসায়ীর সঙ্গে কুশল বিনিময়, কখনো সাধারণ মানুষের কাছে গিয়ে এলাকার কথা শোনা—এভাবেই মানুষের দোরগোড়ায় পৌঁছে নিজের প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান ভূইয়া বিএসএস, এলএলবি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর বাজারে গণসংযোগ করেন তিনি। এ সময় বিএনপির উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কী ধরনের পরিকল্পনা গ্রহণ করবেন, তা তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে মিজানুর রহমান ভূইয়া সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা ইউনিয়নের কাঁচা রাস্তা, যোগাযোগব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পিতভাবে করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন শুধু রাস্তা-ঘাট নির্মাণে সীমাবদ্ধ নয়; মানুষের নিরাপদ ও সুন্দর জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। যুবসমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তুলতে তিনি কাজ করতে চান।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মাদক ও জুয়ার কারণে সমাজে চুরি-ডাকাতিসহ নানা অপরাধ ও সামাজিক অসংগতি সৃষ্টি হয়। তাই মাদক ও জুয়ার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে একটি মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার চেষ্টা করা হবে।
মিজানুর রহমান ভূইয়া বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাকে শক্তি হিসেবে নিয়ে পীরযাত্রাপুর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করব। কুমিল্লা-৫ আসনের এমপি হাজী মোঃ জসিম উদ্দিন জসিমের সহযোগিতা নিয়ে এই ইউনিয়নকে একটি আদর্শ, পরিচ্ছন্ন ও বসবাসের উপযোগী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”
গণসংযোগে তিনি মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। তার এই গণসংযোগকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
পরে সাদকপুর বাজার, দক্ষিণ শ্যামপুর, বরুইয়ার চর ও সাদকপুরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নশু মিয়া মেম্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম, বিএনপি নেতা এনামুল হক বাবুল মেম্বার, সুলতান আহমদ ভূইয়া, আলী আহমেদ ভূইয়াসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মোঃ মিজানুর রহমান ভূইয়া উপজেলা বিএনপির উপদেষ্টা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক। তিনি মেসার্স ইস্টার্ন ফিলিং স্টেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। সংবাদ প্রকাশঃ ১৮-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=