মনোহরগঞ্জে অজ্ঞাতনামা কিশোরের গলিত লাশ উদ্ধার

সিটিভি নিউজ।। মোঃ ইমরান হোসেন সোহাগ মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ
কুমিল্লার মনোহরগঞ্জের নাথেরপেটুয়া ইউপির বিনয়ঘর গ্রামের (উঃ) পাড়ায় একটি পরিত্যাক্ত বাড়ির পুকুর থেকে অজ্ঞাতনামা কিশোরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত দশটায় মনোহরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ও সুরতহাল রিপোর্ট তৈরী করে। রবিবার সকালে ময়না তদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর কথা জানায় মনোহরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ১২ সেপ্টেম্বর শনিবার বিকালে নাথেরপেটুয়া ইউপির বিনয়ঘর গ্রামের (উঃ) পাড়ায় একটি পরিত্যাক্ত বাড়িতে গাছ কাটতে যায় স্থানীয় শ্রমিকরা। গাছ কাটা শেষে পরিত্যক্ত ঐ বাড়ির পুকুর পাড়ি দিয়ে গাছ পার করার সময় কচুরিপানা আবৃত একটি গলিত লাশ ভেসে উঠে। এ সময় চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে।
এদিকে লাশ উদ্ধারের খবর এলাকায় জানাজানি হলে নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের টুয়া গ্রাম থেকে ছুটে আসেন গত প্রায় দেড়মাস আগে নাঙ্গলকোট এলাকা থেকে অটোরিক্সাসহ নিখোঁজ হওয়া অটোরিক্সা চালকের স্বজনরা। পরনের কাপড়চোপড় দেখে তাদের সন্তান বলে তারা প্রাথমিকভাবে তাকে সনাক্ত করেন। ভিকটিমের নানা মুশফিকুর রহমান মানছুর বলেন তার নাম (ভিকটিম) আরমান হোসেন (১৫)। তার বাড়ি সিলেট। সে এখানে তার নানার বাড়িতেই থাকতো। সে একটি মিশুক গাড়ী (অটোরিক্সা) চালাতো। প্রায় ১মাস ১৬ দিন আগে তার নিজ এলাকা জেলার নাঙ্গলকোট এলাকা থেকে সে অটোরিক্সাসহ নিখোঁজ হয়।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলামের সাথে কথা হলে তিনি বলেন প্রায় দেড় মাস আগে নাঙ্গলকোট থেকে অটোরিক্সাসহ আরমান নামের একটি ছেলে নিখোঁজ হন। এ ঘটনায় অপহরণ সংক্রান্ত বিষয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা হয়। এ মামলায় ৩ জনকে গ্রেফতারও করা হয়েছে। শনিবার দিবাগত রাতে মনোহরগঞ্জে উদ্ধারকৃত লাশটিই অটোরিক্সা চালক আরমানের কিনা এটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ এর সাথে কথা হলে তিনি বলেন শনিবার দিবাগত রাত দশটায় ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে এক মাসেরও অধিক সময় ধরে লাশটি কচুরিপানার নিচে চাপা অবস্থায় ছিলো। তিনি বলেন উদ্ধার কার্যক্রম শেষে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর কথা জানান তিনি। লাশের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ টেস্টের আবেদন করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১৩-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=