কুমিল্লায় ডিবির সাঁড়াশি অভিযানে ছিনতাই ও মাদকে জড়িত ১৯ জন গ্রেপ্তার

সিটিভি নিউজ24।। স্টাফ রিপোর্টার, কুমিল্লা।
কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ ও সাঁড়াশি অভিযানে ছিনতাই ও মাদক সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৫ জন চিহ্নিত ছিনতাইকারী এবং ১৪ জন মাদক সংক্রান্ত অপরাধে সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লা জেলার পুলিশ সুপারের বলিষ্ঠ নেতৃত্ব ও নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ডাকাতি ও চুরির মতো স্পর্শকাতর অপরাধ দমনের পাশাপাশি ছিনতাই ও মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে নগরীর অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কুমিল্লাকে ছিনতাই ও মাদকমুক্ত রাখতে এ ধরনের বিশেষ ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। নগরীসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।