বুড়িচংয়ে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম বরদাশত নয়: স্বাস্থ্য কর্মকর্তা মানসম্মত চিকিৎসা ও নির্ভুল পরীক্ষা নিশ্চিতের আহ্বান

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ==============
কুমিল্লার বুড়িচংয়ে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মালিক ও পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোগীদের চিকিৎসাসেবায় কোনো ধরনের গাফিলতি, অনিয়ম কিংবা পরীক্ষা-নিরীক্ষায় ত্রুটি হলে তা কঠোরভাবে মোকাবিলার সতর্কবার্তা দেওয়া হয়েছে সভা থেকে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিরা এতে অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মালেকুল আলতাফ ভূইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মাহাবুবুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. সোলেমান হক মিঠু।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মালেকুল আলতাফ ভূইয়া বলেন, বুড়িচং উপজেলা সদর, কংশনগর বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রতি সর্বোচ্চ দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে সেবা দিতে হবে।
তিনি বলেন, ‘চিকিৎসাসেবায় কোনো ধরনের গাফিলতি করা যাবে না। রোগ নির্ণয়ের ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা অবশ্যই নির্ভুল ও মানসম্মত হতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা প্রশ্রয় দেওয়া হবে না।’
স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ডায়াগনস্টিক সেন্টারগুলোকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়ন ও ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। রোগ নির্ণয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সামান্য ত্রুটিও রোগীর জীবনে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই পরীক্ষা-নিরীক্ষার মান, যন্ত্রপাতির আধুনিকতা এবং সেবার স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
তিনি সতর্ক করে বলেন, স্বাস্থ্যসেবার নামে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। কোনো প্রতিষ্ঠান নির্ধারিত মান বজায় রাখতে ব্যর্থ হলে কিংবা নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে জড়ালে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে তিনি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু আর্থিক লাভের বিষয়টি বিবেচনা না করে মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। জনগণের আস্থা অর্জনের পাশাপাশি দায়িত্বশীল ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের পক্ষে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলার আদম খান ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোঃ রমিজ উদ্দিন, বুড়িচং সান মুন ডায়াবেটিস এন্ড কনসালটেন্টের মালিক মোঃ আলী আশ্রাফ ফাজু, হ্যাপো মেডিকোর ইমতিয়াজ আহমেদ ইমন, বুড়িচং আধুনিক হাসপাতালের পরিচালক খন্দকার মোস্তাক আহমেদ, সেফা হাসপাতালের পরিচালক মোঃ সোহেল রানা, কংশনগর ইউনিক হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসেন ভূইয়া, কংশনগর মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্টরা।
মতবিনিময় সভায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সেবার মানোন্নয়ন, রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিতকরণ, নির্ভুল পরীক্ষা-নিরীক্ষা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং স্বাস্থ্য বিভাগের সঙ্গে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। সংবাদ প্রকাশঃ ০৩-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন