এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে যায় ব্রাহ্মণপাড়ার সড়ক, সংবাদ প্রকাশের পর সড়কটি মেরামত

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান========কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ কুমিল্লা-মিরপুর সড়কের টাটেরা প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
এ নিয়ে বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশের পর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের উদ্যোগ নেয়। গতকাল শুক্রবার গুরুত্বপূর্ণ এ সড়কের ক্ষতিগ্রস্ত অংশে মেরামত কাজ করা হয়েছে।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই টাটেরা প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনে সড়কে পানি জমে যায়। দীর্ঘ সময় পানি জমে থাকায় শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়। পাশাপাশি জলাবদ্ধতার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়।
স্থানীয়দের অভিযোগ, কুমিল্লা-ব্রাহ্মণপাড়া যাতায়াতের গুরুত্বপূর্ণ এ সড়কের ওই অংশে পানি জমে থাকায় প্রায়ই যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। কয়েকবার গাড়ি উল্টে যাত্রী আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানান তারা।
সড়কটি মেরামতের পর স্বস্তি প্রকাশ করে কুমিল্লা জজকোর্টের অ্যাডভোকেট আবদুল আলীম খান বলেন, সড়কটি মেরামত হওয়ায় জনমনে আতঙ্ক অনেকটাই দূর হয়েছে। তবে আমরা চাই, সড়কটি যেন স্থায়ীভাবে সংস্কার করা হয় এবং ভবিষ্যতে যাতে আবারও একই সমস্যার সৃষ্টি না হয়।
সিএনজি চালক জামাল বলেন, সিএনজি নিয়ে এ সড়কের ওই স্থান দিয়ে চলাচলের সময় সবসময় আতঙ্কে থাকতাম। কখন গাড়ি উল্টে যায় কিংবা ইঞ্জিনে পানি ঢুকে যায়—সেই ভয় থাকত। এখন মেরামত হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছি।
উল্লেখ্য, কুমিল্লা-মিরপুর সড়কটি ব্রাহ্মণপাড়া উপজেলার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন এ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। স্থানীয়দের দাবি, শুধু ক্ষতিগ্রস্ত অংশ মেরামত নয়, সড়কটির স্থায়ী সংস্কারের পাশাপাশি পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা করা হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে। সংবাদ প্রকাশঃ ০৪-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=