না’গঞ্জে ফতুল্লা থানা হাজতে বসে আওয়ামী লীগ কর্মীদের স্লোগানের ভিডিও ফেসবুকে

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ===============
সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে মিছিলের প্রস্তুতির সময় আটক ১০ কিশোর-তরুণ থানা হাজতে বসে মোবাইলে ধারণ করা স্লোগানের ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভেতরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র। ভিডিওটি পলাতক সাবেক এমপি শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান (পলাতক) নামে একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
পুলিশি হেফাজতে থাকা ব্যক্তিরা হাজতের ভেতরে হাতে মোবাইল ফোন কীভাবে পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
বিষয়টি নজরে আসার কথা জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।
তিনি বলেন, এটি থানার ভেতরে ধারণ করা হয়েছে কিনা, কখন ও কীভাবে ভিডিওটি করা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, এসব বিষয় যাচাই করা হচ্ছে। এ জন্য থানার সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।
থানা পুলিশ জানায়, গত শনিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী প্রধান সড়ক থেকে ১০ জনকে আটক করা হয়। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে। তাদের একজন নগরীর পাইকপাড়া এলাকার বাসিন্দা এবং বাকিরা ফতুল্লার বিসিক এলাকার বাসিন্দা।
আটকের পর তাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মামলা করা হয় এবং রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয় বলেও জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ফতুল্লা থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, ‘ভিডিওটি সম্পর্কে আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। এটি আমাদের থানার ভেতরের ঘটনা কি না, কখন বা কীভাবে ভিডিওটি ধারণ করা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।’
ওসি আরও বলেন, ভিডিওটি যদি ফতুল্লা থানার ভেতরের হয়ে থাকে, তাহলে আসামিদের হাতে মোবাইল ফোন কীভাবে গেল এবং তাঁরা কীভাবে ভিডিও ধারণের সুযোগ পেলেন, সেটিও তদন্ত করে দেখা হবে।
তিনি বলেন, ‘ভিডিওটির উৎস, ধারণস্থল এবং এতে থাকা ব্যক্তিদের পরিচয়সহ সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাইয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। সংবাদ প্রকাশঃ ৩১-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=