কুমিল্লায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠক ফোরাম গঠন # বইপাঠের পরিবেশ ও পাঠাভ্যাস বাড়াতে সাত সদস্যের আহ্বায়ক কমিটি

সিটিভি নিউজ।। দেলোয়ার হোসাইন আকাইদ কুমিল্লা প্রতিনিধি ============
কুমিল্লায় বইপাঠের প্রসার, পাঠাভ্যাস বৃদ্ধি এবং সাহিত্য-সংস্কৃতিচর্চায় পাঠকদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগে সাত সদস্যবিশিষ্ট ‘পাঠক ফোরাম’ গঠন করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইন্টারমিডিয়েট শাখার শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মাসিক পাঠক আড্ডায় উপস্থিত পাঠকদের মতামতের ভিত্তিতে এ ফোরাম গঠন করা হয়।

নবগঠিত পাঠক ফোরামে মালেকা মমতাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাবিলা হালিমকে আহ্বায়ক, সাংবাদিক হোসেন মাহমুদকে যুগ্ম আহ্বায়ক এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কুমিল্লা ইউনিটের ইনচার্জ মো. মাসুদ আলমকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন কুমিল্লা গিটার একাডেমির পরিচালক ও প্রশিক্ষক ইকবাল হোসেন জুয়েল, প্রভাষক সৌরভ রায়, শিক্ষক প্রীতম বনিক এবং শিক্ষার্থী শাহীন মোস্তফা।

আয়োজকেরা জানান, নবগঠিত পাঠক ফোরামের মাধ্যমে কুমিল্লায় বইপাঠের অনুকূল পরিবেশ তৈরির পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে পাঠকদের সম্পৃক্ত করার জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম আরও বিস্তৃত করে নতুন পাঠক তৈরির পাশাপাশি নিয়মিত পাঠকদের মধ্যে বই নিয়ে আলোচনা ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করাও ফোরামের অন্যতম লক্ষ্য বলে জানানো হয়।

মাসিক পাঠক আড্ডায় অংশ নেওয়া পাঠকেরা নিজেদের বই পড়ার অভিজ্ঞতা, পছন্দের বই, সাহিত্যচর্চা ও পাঠাভ্যাস নিয়ে মতবিনিময় করেন। এ সময় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর সময়ে তরুণ প্রজন্মকে বইয়ের সঙ্গে সম্পৃক্ত করতে নিয়মিত পাঠচর্চা ও পাঠক আড্ডার মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পাঠকদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ানো এবং নিয়মিত আড্ডা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কুমিল্লায় একটি সক্রিয় ও প্রাণবন্ত পাঠকসমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত পাঠক ফোরামের সদস্যরা।
ছবিঃ নবগঠিত পাঠক ফোরামের সদস্যরা। সংবাদ প্রকাশঃ ২৯-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন