ব্রাহ্মণপাড়ায় কৌশলে নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।================
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রকাশ্যে কৌশলে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির ঘটনায় সংঘবদ্ধ নারী চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর চক্রটির অন্যতম সদস্য শামসুন্নাহারের কাছ থেকে চুরি যাওয়া প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ২২ ক্যারেটের ৮ আনা ওজনের স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।
২৬ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দীর্ঘভূমি এলাকায় ব্রাহ্মণপাড়া-দুলালপুর পাকা সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মোছাঃ সেলিনা বেগম (৫০) সড়ক দিয়ে যাওয়ার সময় চক্রের সদস্য শামসুন্নাহার (৪০) কৌশলে তার গলায় থাকা স্বর্ণের চেইন খুলে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পক্ষ থেকে মোঃ তাজুল ইসলাম (৫৫) ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় মামলা নং-২২ রুজু করা হয়।
মামলার পরপরই তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রটির পাঁচ নারী সদস্যকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের বাসিন্দা।
গ্রেফতারকৃতরা হলেন—শামসুন্নাহার (৪০), স্বামী- মারুফ; মোছাঃ মর্জিনা বেগম (৩০), স্বামী- মোঃ মোশাররফ হোসেন; ফুল চাঁন বিবি (৩৩), স্বামী- মোবারক মিয়া; সাজারা বেগম (২২), স্বামী- মোঃ মানিক মিয়া এবং মোসাঃ অজুফা বেগম (২৫), স্বামী- মোঃ শরিফ।
পুলিশের দাবি, গ্রেফতারের পর নারী কনস্টেবলের মাধ্যমে তল্লাশি চালিয়ে শামসুন্নাহারের পরনের সেলোয়ারের ডান পাশ থেকে চুরি যাওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরির একাধিক মামলা রয়েছে। শামসুন্নাহারের বিরুদ্ধে সাভার থানায়; মর্জিনা বেগমের বিরুদ্ধে আশুলিয়া, বাসন ও কসবা থানায়; ফুল চাঁন বিবির বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায়; সাজারা বেগমের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় এবং অজুফা বেগমের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় চুরির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আসামিরা একটি সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য। বিভিন্ন এলাকায় তারা ছদ্মবেশে কৌশল অবলম্বন করে স্বর্ণালঙ্কার চুরি ও ছিনতাই করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।” সংবাদ প্রকাশঃ ২৬-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=