নওগাঁয় পুলিশের নজরদারিতে কমেছে সড়ক ডাকাতি

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : ============
ছয় মাস আগেও সন্ধ্যা নামলেই নওগাঁর কয়েকটি সড়কে থেমে যেত যানবাহন চলাচল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে পড়ত গুরুত্বপূর্ণ সড়কগুলো। ডাকাতির আতঙ্কে সন্ধ্যার পর নওগাঁ সাপাহার, পোরশার উপজেলার কয়েকটি সড়কে চলাচল করতে ভয় পেতেন যাত্রী ও চালকেরা। তবে সম্প্রতি পুলিশের তৎপরতা ও নিয়মিত নজরদারিতে বদলেছে সেই চিত্র। এখন সন্ধ্যার পরও স্বাভাবিকভাবে চলছে যানবাহন। যদিও পুরোপুরি কাটেনি ডাকাতির আতঙ্ক।
বিশেষ করে সাপাহার-চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক সড়কে বেজোড়া, বন্ধুপাড়াসহ কয়েকটি পয়েন্টে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। রাত নামলেই সড়কটির গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে বসানো হচ্ছে পুলিশের চেকপোস্ট। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন থামিয়ে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। পুলিশের এমন তৎপরতায় স্বস্তি ফিরেছে চালক ও যাত্রীদের মধ্যে।
পুলিশ জানায়, সড়কটির নওগাঁ অংশের প্রায় ২২ কিলোমিটার এলাকায় সন্ধ্যার পর ছয়টি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়। সাপাহার ও পোরশা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে যানবাহনকে পালাক্রমে পুলিশ পাহারায় নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়া হচ্ছে। পাশাপাশি সড়কের নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ স্থানে সোলার বিদ্যুতের ব্যবস্থা ও পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে।
পোরশা থানার সাব-ইন্সপেক্টর অমিত কুমার বলেন, সড়ক ডাকাতি প্রতিরোধে নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালে নওগাঁয় সড়ক ডাকাতির ঘটনায় ১৬টি মামলা হয়েছে। চলতি বছরের আগস্ট পর্যন্ত মামলা হয়েছে চারটি। তবে ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত নতুন করে কোনো সড়ক ডাকাতির ঘটনা বা মামলা হয়নি।
ডাকাতি প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম। তিনি বলেন, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিয়মিত টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সড়কের সারাইগাছি এলাকায় একটি পুলিশ বক্স নির্মাণ করা হয়েছে। এবং সড়কে স্থাপন করা হয়েছে সোলার লাইট।
পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, সড়কগুলোতে পুলিশের এই নজরদারি অব্যাহত রাখার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলে ডাকাতির আতঙ্ক আরও কমবে। সংবাদ প্রকাশঃ ২৪-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=