ঘোষণার ৯ বছরেও চালু হয়নি ব্রাহ্মণপাড়া ফায়ার সার্ভিস, ক্ষতি কোটি কোটি টাকার

ব্রাহ্মণপাড়ায় ফায়ার সার্ভিস সাইনবোর্ডেই সীমাবদ্ধ: আগুনে পুড়ছে উপজেলাবাসীর স্বপ্ন
সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান ============কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের প্রকল্প জমি অধিগ্রহণ ও সাইনবোর্ড টানানোর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। গত নয় বছরেও মূল নির্মাণকাজ শুরু না হওয়ায় চরম অগ্নিঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় অধিবাসী ও ব্যবসায়ীরা।
উপজেলা প্রতিষ্ঠার ৪২ বছর পার হলেও এখানে কোনো ফায়ার সার্ভিস স্টেশন গড়ে ওঠেনি। এতে প্রতিবছর অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ সম্পদ ভস্মীভূত হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত আগস্ট থেকে আগস্ট পর্যন্ত উপজেলায় ১৪ টি ছোট-বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ২৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে আনুমানিক ২ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় সদর বাজারসহ সাহেবাবাদ, মালাপাড়া, চান্দলা, শিদলাই, শশীদলসহ উপজেলার বিভিন্ন অঞ্চলের হাট-বাজার, বসতবাড়ি, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যাংক-বীমা প্রতিষ্ঠানগুলো চরম ঝুঁকিতে রয়েছে। তদুপরি, এলাকাগুলোতে খোলামেলাভাবে বোতলে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি করায় অগ্নিকাণ্ডের আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে।
উপজেলায় আগুন লাগলে খবর দিতে হয় পাশের বুড়িচং, কসবা কিংবা কুমিল্লা জেলা শহরের ফায়ার সার্ভিস ইউনিটে। দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পৌঁছাতেই আগুনে সব কিছু ছাই হয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল জলিল জানান, জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিসের দ্রুত সহায়তা না পাওয়ায় জানমালের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়ে এবং ব্যবসায়ীরা সবসময় আতঙ্কে থাকেন।
কুমিল্লা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ প্রায় নয় বছর আগে উপজেলার সাহেবাবাদ এলাকায় ৩৬ দশমিক ৭৫ শতক জমি অধিগ্রহণ করে স্টেশনের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। তবে দীর্ঘ সময় পার হলেও নির্মাণকাজ শুরুর সুনির্দিষ্ট কোনো লক্ষণ দেখা যায়নি।
কুমিল্লা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের
সহকারী পরিচালক ইকবাল হোসেন জানান, ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুতই কাজ শুরুর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মুন্নী ইসলাম বলেন, “জনদুর্ভোগ কমাতে বিষয়টি অত্যন্ত জরুরি। দ্রুত সমাধানের লক্ষ্যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো।
এদিকে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম জানান, বিষয়টি উপজেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সংবাদ প্রকাশঃ ২৩-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=