ঝিনাইদহ কালীগঞ্জে গরু চুরির সন্দেহে নিহত১, আহত১

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি: =========
ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরির সন্দেহে দুই যুবককে গণপিটুনি দেওয়ার ঘটনায় হাবিব নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছোট ভাই সুমন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বারবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বাদুরগাছা গ্রামের মৃত ওবায়দুল হকের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে দুই যুবক প্রবেশ করেন বলে অভিযোগ করেন বাড়ির বাসিন্দা নিলুফা ইয়াসমিন। তাঁর দাবি, ওই দুই যুবক বাড়ির গেট ও দরজা-জানালা বন্ধ করে গোয়ালঘর থেকে একটি গরু নিয়ে পালিয়ে যান।
বিষয়টি টের পেয়ে নিলুফা ইয়াসমিন চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। পরে গ্রামবাসী দুই যুবককে খুঁজতে শুরু করেন। রাত ৩টার দিকে উপজেলার ঠিকডাঙ্গা-পিরোজপুর মাঠে একটি গরুসহ হাবিব ও তাঁর ছোট ভাই সুমনকে আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাদের মারধর করে। এতে হাবিব গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। সুমনও গুরুতর আহত হন।
নিহত হাবিব ও আহত সুমনের বাড়ি যশোর শহরের আরাপপুর এলাকায় বলে জানা গেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত সুমনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ প্রকাশঃ ২২-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=