কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মোট ১৩ জনকে গ্রেপ্তার

সিটিভি নিউজ।। গতকাল শুক্রবার (২১ আগস্ট) থেকে আজ শনিবার (২২ আগস্ট) পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা বিশেষ ক্ষমতা আইন, মাদক, চুরি, আত্মহত্যার প্ররোচনাসহ বিভিন্ন নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামি।
ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় উপজেলার নাইঘর এলাকা থেকে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ওরফে আনোয়ার হোসেন মিশনকে (৩৬) গ্রেপ্তার করা হয়।
একই সঙ্গে উপজেলার দীর্ঘভূমি উত্তর পাড়া এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদের সামনের সড়ক থেকে চার কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। তাঁরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চারোয়া গ্রামের মোঃ সালাউদ্দিন (৪০) ও মোঃ রুবেল (২৬)।
এ ছাড়া অন্য অভিযানগুলোতে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চুরি মামলার আসামি মো: আল-আমিন (৩২), আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি মোঃ হোসেন (৪৫), নিয়মিত মামলার আসামি মোঃ আল-আমিন (৩২) ও মোঃ অনিক (২৫)।
একই অভিযানে সিআর ও জিআর পরোয়ানাভুক্ত চার আসামি মোঃ বাছির ওরফে বাবুল (৩০), আরিফুল ইসলাম (৩০), সোহাগ সরকার (৩৫) ও রাজু আহম্মেদ রাসেলকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে মাদক সেবনের অপরাধে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—বেজুড়া এলাকার মোঃ আবু বকর ছিদ্দিক তুহিন (২৫) ও অনন্তপুর এলাকার আশিকুর রহমান আশিক (২৪)। এর মধ্যে আবু বকরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং আশিকুরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, আটক ও গ্রেপ্তার আসামীদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে এমন অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২২-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=