কুবিতে মানসম্মত শিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার

সিটিভি নিউজ।। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মানসম্মত শিক্ষা ও গবেষণা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে নয়টায় প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মাহমুদুল হাসান। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান।
সেমিনারে বক্তারা মানসম্মত শিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ ও কর্মমুখী মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষক সংকট নিরসনের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব সমস্যা ও শিল্পখাতের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, “বিশ্ববিদ্যালয়ের মূল প্রাণ হলো শিক্ষার্থীরা এবং তাঁদের দক্ষ ও কর্মমুখী মানবসম্পদ হিসেবে গড়ে তোলা শিক্ষক ও গবেষকদের অন্যতম দায়িত্ব। ইতোমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ৪২টি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিল্প-একাডেমিয়া বৈঠক করেছে এবং ছয়টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে। শিল্পখাতের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে সেগুলোর সমাধানে যৌথভাবে কাজ করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।”
তিনি বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনের সমস্যা ও শিল্পখাতের চ্যালেঞ্জ নিয়ে গবেষণায় সম্পৃক্ত হতে হবে। একই সঙ্গে মানসম্মত শিক্ষাদান ও গবেষণার পরিবেশ নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও কর্মমুখী মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই শিক্ষকদের অন্যতম দায়িত্ব। বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হওয়ায় শুধু গতানুগতিক পড়াশোনা করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যথেষ্ট নয়। কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষতা ও বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে হবে।”
তিনি আরও বলেন, “ধারাবাহিক প্রচেষ্টা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও বাস্তবমুখী জ্ঞানচর্চায় আরও বেশি মনোযোগ দিতে হবে।”
সেমিনারে মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, “মানসম্মত শিক্ষাদানের জন্য মানসম্মত গবেষণা প্রয়োজন এবং গবেষণালব্ধ জ্ঞান শ্রেণিকক্ষে প্রয়োগ করতে হবে। বিশেষ করে মাস্টার্স পর্যায়ের গবেষণারত শিক্ষার্থীদের গবেষণাপত্র, থিসিস ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া জরুরি। পাশাপাশি শিক্ষকদের অতিরিক্ত কোর্স লোড কমিয়ে গবেষণা ও মানসম্মত পাঠদানের সুযোগ সৃষ্টির ওপর তিনি গুরুত্ব দেন।
মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, শিক্ষা শুধু পাঠদান ও ডিগ্রি প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের দক্ষতা ও চরিত্র গঠনের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই এর মূল লক্ষ্য। গবেষণার ক্ষেত্রে প্রকাশনার পাশাপাশি এর সামাজিক ও জাতীয় প্রভাব বিবেচনা করা প্রয়োজন। তিনি ‘Kaizen approach’-এর মাধ্যমে শিক্ষা ও গবেষণার ধারাবাহিক মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষা ও গবেষণার গুণগত মানোন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। এ ধরনের আয়োজন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংবাদ প্রকাশঃ ২০-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=