কেটিসিসিএ লিমিটেডের সভাপতি নির্বাচিত হলেন শাহজাহান সিরাজ

সিটিভি নিউজ।। কুমিল্লা: সংবাদদাতা।। ===========
কুমিল্লা কোতয়ালী থানা সেন্ট্রাল কো-অপারেটিভ এসোসিয়েশন লিঃ (কেটিসিসিএ লিঃ)-এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচন-২০২৬-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল ও নির্বাচন বিধিমালা অনুযায়ী প্রতিটি পদে একক প্রার্থী থাকায় সবকটি পদের প্রার্থীরাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রজনীগন্ধা হল রুমে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ সমবায় একাডেমি কোটবাড়ীর ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ (উপনিবন্ধক) মোঃ আশরাফুল ইসলাম, সদস্য ও সহকারী নিবন্ধক ফাহিমা মুশতারী এবং জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোঃ তাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, সমবায় সমিতি বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০২০)-এর ৩২(২) বিধি মোতাবেক কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রার্থীদের মূল পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে চম্পকনগর কৃষক সমবায় সমিতি লিঃ-এর প্রতিনিধি বিশিষ্ট সমবায় ব্যক্তিত্ব মোঃ শাহজাহান সিরাজ এবং সহ-সভাপতি পদে শ্রীমন্তপুর (২) কৃষক সমবায় সমিতি লিঃ-এর প্রতিনিধি এয়াছিন মিয়া নির্বাচিত হয়েছেন।
এছাড়া ৬টি একক নির্বাচনী এলাকা থেকে সদস্য পদে নির্বাচিতরা হলেন— ব্লক-০১: আশিকুর রহমান (কোরপাই ২ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ), ব্লক-০২: মোঃ নুরুল ইসলাম (দুতিয়ার দিঘীরপাড় কৃষক সমবায় সমিতি লিঃ), ব্লক-০৩: কামরুল ইসলাম, ব্লক-০৪: কাজী জসীম উদ্দীন (কালিকাপুর ভুটুয়া কৃষক সমবায় সমিতি লিঃ), ব্লক-০৫: মোঃ অলি উল্লাহ (দড়িবটগ্রাম কৃষক সমবায় সমিতি লিঃ) এবং ব্লক-০৬: মোঃ শামছুল হক (শ্রীবল্লভপুর কৃষক সমবায় সমিতি লিঃ)।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহজাহান সিরাজের নেতৃত্বে পরিচালনা কমিটির নেতৃবৃন্দ কেটিসিসিএ লিমিটেড ও বার্ড-এর প্রতিষ্ঠাতা ডক্টর আখতার হামিদ খানের প্রতিকৃতিতে এক মিনিট দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে নবনির্বাচিত পরিষদের সদস্যরা কেটিসিসিএ লিমিটেড কার্যালয়ে গিয়ে ডক্টর আখতার হামিদ খানের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহজাহান সিরাজ।
শপথ গ্রহণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে শাহজাহান সিরাজ বলেন, “১৯৫৯ সালে ডক্টর আখতার হামিদ খানের হাত ধরে প্রতিষ্ঠিত কেটিসিসিএ লিমিটেড আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। বিগত বছরগুলোতে দুর্বৃত্তরা এর বহু সম্পদ লুটপাট করে নিয়ে গেছে, যার ফলে আজ কেবল জরাজীর্ণ কাঠামোটিই অবশিষ্ট রয়েছে।”
তিনি আরও বলেন, নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সম্পন্ন হওয়ায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরীর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে ঐতিহ্যবাহী কেটিসিসিএ-কে রক্ষা ও এর সাবেক গৌরব ফিরিয়ে আনতে সংসদ সদস্য ও সমবায় মন্ত্রণালয়ের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
পরে নবনির্বাচিত সভাপতি মোঃ শাহজাহান সিরাজের সভাপতিত্বে নতুন ব্যবস্থাপনা কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সংবাদ প্রকাশঃ ১৮-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=