মুন্সীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় সব সেক্টরে নেতৃত্ব দেবে শ্রমিক কল্যাণ অ্যাডভোকেট আতিকুর রহমান

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান =============
মুন্সীগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কর্মী সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় দেশের সব সেক্টরে নেতৃত্ব দেবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। চাঁদাবাজি ও দখলদারিমুক্ত ন্যায়ভিত্তিক শ্রমিক সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গতকাল শুক্রবার (১৪ আগস্ট) মুন্সীগঞ্জ পৌরসভার শিলমন্দির এলাকার পালকি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি খিদির আব্দুস সালামের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলার প্রধান উপদেষ্টা আ জ ম রহুল কুদ্দুস, অন্যতম উপদেষ্টা মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজি এবং ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. নুরুল আমিন।
এ ছাড়া বক্তব্য দেন সদর উপজেলা উপদেষ্টা নুরুল আমিন সিকদার, পৌরসভার অন্যতম উপদেষ্টা মো. উজ্জ্বল হোসেন, পৌরসভা সভাপতি আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, সদর সভাপতি ডা. মনির হোসেন, টঙ্গীবাড়ী সভাপতি মোহাম্মদ হোসেনসহ স্থানীয় নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ‘৫ আগস্টের পর দেশের শ্রমিকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘ ৫৫ বছর তারা বিভিন্ন ধরনের শ্রমিক নেতৃত্ব দেখেছেন; কিন্তু তাদের অধিকার নিশ্চিত হয়নি। তাই শ্রমিকরা আর এমন নেতৃত্ব চান না। তারা চাঁদাবাজি ও দখলদারিমুক্ত একটি শ্রমিক সমাজ গড়ে তুলতে চান।’
তিনি বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি, আট ঘণ্টা কর্মদিবস, নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনকে আরও বিস্তৃতভাবে কাজ করতে হবে। স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শ্রমিকদের ন্যায্য অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। এখনো বেতন-ভাতা ও ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের রাজপথে আন্দোলন করতে হচ্ছে।
তিনি আরও বলেন, আইন ও নীতিতে আট ঘণ্টা কর্মদিবসের কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা বাস্তবায়ন হয় না। কর্মক্ষেত্র ও সড়ক দুর্ঘটনা কিংবা কৃষিকাজে বজ্রপাতে শ্রমিক নিহত হলেও অনেক সময় তাদের পরিবারের পাশে কার্যকর সহায়তা পৌঁছে না। শ্রমিকের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
মুন্সীগঞ্জের শ্রমিকদের উদ্দেশে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ‘মুন্সীগঞ্জের শ্রমজীবী মানুষের পাশে থাকবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। প্রতিটি সেক্টরে শ্রমিক কল্যাণের কমিটি গঠন করা হবে। যেখানে শ্রমিকের ওপর জুলুম, হয়রানি, চাঁদাবাজি বা দখলদারি হবে, সেখানেই সংগঠনের নেতাকর্মীরা শ্রমিকের পাশে দাঁড়াবেন।’
তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, নিজেদের কেউ চাঁদাবাজি, জুলুম বা দখলদারির সঙ্গে জড়িত হবেন না এবং অন্য কাউকেও এসব কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না। শ্রমিকদের ব্যবহার করে ব্যক্তি বা দলীয় স্বার্থ হাসিলের রাজনীতি বন্ধ করতে হবে।
অ্যাডভোকেট আতিকুর রহমান নেতাকর্মীদের সৎ, আল্লাহভীরু ও নৈতিক চরিত্রের অধিকারী হয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সংবাদ প্রকাশঃ ১৫-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=