উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ কিশোর আটক, বিজিবির ওপর হামলার অভিযোগ

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার =====================কক্সবাজারের টেকনাফ সীমান্তে ১০ হাজার পিস ইয়াবাসহ এক কিশোরকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) সদস্যরা। অভিযানের সময় আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং বিজিবির এক সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে আটক কিশোরের মায়ের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির কোনাপাড়া পোস্টসংলগ্ন নাফ নদীর একটি খালের পাশে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালানোর সময় মিয়ানমার থেকে পোটলা হাতে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। সন্দেহ হলে তাকে ধাওয়া করা হয়। নদীপথে সাঁতরে পালানোর চেষ্টা করলেও মো. বোরহান উদ্দিন (১৭) নামে ওই কিশোরকে আটক করা হয়।

এ সময় তাকে বিজিবির কাছ থেকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তার মা চিৎকার-চেঁচামেচি শুরু করেন এবং নৌকার বৈঠা দিয়ে এক বিজিবি সদস্যকে আঘাত করেন বলে দাবি করা হয়। পরে আশপাশের কিছু লোক লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে জড়ো হয়ে বিজিবির সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল বিওপিতে নিয়ে যান।

পরে আটক ব্যক্তির বহন করা পোটলা তল্লাশি করে খাকি রঙের একটি প্যাকেটের ভেতর থেকে নীল রঙের একটি কার্টনে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বোরহান উদ্দিন স্বীকার করেছেন যে, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো এনে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বহন করছিলেন বলে বিজিবি জানিয়েছে।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
সংবাদ প্রকাশঃ ০৮-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন