কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘স্পোর্টস স্কলারশিপ’ প্রদান

সিটিভি নিউজ।। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে বিভিন্ন শিক্ষাবর্ষের ১৪ জন শিক্ষার্থীকে ‘স্পোর্টস স্কলারশিপ’ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ২.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে এ স্কলারশিপ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। এছাড়াও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, খেলাধুলা একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এটি শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও একাডেমিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, স্পোর্টস স্কলারশিপের আর্থিক মূল্যের চেয়ে এর স্বীকৃতিমূলক গুরুত্ব অনেক বেশি, যা শিক্ষার্থীদের আরও ভালো পারফরম্যান্সে অনুপ্রাণিত করবে। তিনি বিশ্ববিদ্যালয়ে ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত, নিয়মিত ক্রীড়া আয়োজন এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য প্রাইজমানি বা স্মারক প্রদানের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার কথাও জানান। তিনি বলেন, সহশিক্ষা কার্যক্রম ও ক্রীড়া অর্জন ভবিষ্যৎ কর্মজীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, স্পোর্টস স্কলারশিপ শিক্ষার্থীদের ক্রীড়া সাফল্যের গুরুত্বপূর্ণ স্বীকৃতি, যা তাদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে এবং অন্য শিক্ষার্থীদেরও খেলাধুলায় সম্পৃক্ত হতে উৎসাহিত করবে। তিনি বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি দলগত চেতনা, নেতৃত্বগুণ এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ এবং ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মোঃ মহিউদ্দিন বলেন, স্পোর্টস স্কলারশিপ ক্রীড়াবিদ শিক্ষার্থীদের সাফল্যের যথাযথ স্বীকৃতি। তিনি বলেন, খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, দলগত চেতনা, মানবিক মূল্যবোধ এবং মাদকমুক্ত জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আশা প্রকাশ করেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাডেমিক সাফল্যের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও সমৃদ্ধ করবে। একই সঙ্গে তিনি ক্রীড়া কমিটি ও শারীরিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে খেলাধুলার উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
‘স্পোর্টস স্কলারশিপ ২০২৫-২৬’ বর্ষে ৬ টি ইভেন্টে (ছেলে-মেয়ে) ১৪ জনকে মনোনীত করা হয়। প্রতি ইভেন্ট থেকে দুই জন করে স্কলারশিপের জন্য মনোনীত হলেও ফুটবল ও ভলিবল (ছেলে) ইভেন্ট থেকে ৩ জন করে মনোনীত করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ০৪-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন