নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন প্রশাসক সাখাওয়াত

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ==========
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করেছেন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে এগারোটায় নগরভবনের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন তিনি। এটি নাসিকের ১৫তম বাজেট।
নাসিকের ইতিহাসে এবার সর্বোচ্চ বাজেট ঘোষণা করা হয়েছে। গত অর্থবছরে যা ছিল ৭০৪ কোটি ৬১ লাখ টাকা।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে ১৮ আগস্ট সারাদেশের অন্য সিটি কর্পোরেশনের মতো নারায়ণগঞ্জেও তিনবারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার।
পরে এ সিটিতে প্রশাসনিক দুইজন কর্মকর্তা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে জয় পেয়ে বিএনপি সরকার গঠন করলে সিটি কর্পোরেশনগুলোতে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বিএনপি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পান মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান। প্রশাসক হিসেবে গত ৬ মাস ধরে দায়িত্বে থাকা সাখাওয়াত প্রথমবার বাজেট ঘোষণা করলেন।
সিটি কর্পোরেশন প্রশাসক বলছেন, এবারের বাজেটে জনদুর্ভোগ লাঘবে একাধিক প্রকল্পে গুরুত্ব দেওয়া হয়েছে। সুপেয় পানির সরবরাহ বৃদ্ধি, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার, খাল খনন ও পুনরুদ্ধারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের জন্য সংশ্লিষ্ট খাতে অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খাতেও বাড়তি অর্থ বরাদ্দের প্রস্তাব রয়েছে।
প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৯০০ কোটি টাকা। ফলে ১০০ কোটিরও বেশি উদ্বৃত্ত রাখার পরিকল্পনা করা হয়েছে।
বাজেটের অর্থায়নের প্রধান উৎস হিসেবে ধরা হয়েছে নাসিকের নিজস্ব রাজস্ব আয়। এছাড়া পানি সরবরাহ খাতের আয়, সরকারি উন্নয়ন সহায়তা, বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে প্রাপ্ত অর্থও বাজেট বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।
বাজেট ঘোষণার সময় প্রশাসকের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হেমায়েত হোসেন। সঞ্চালনায় ছিলেন নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম।
এছাড়া উপস্থিতি ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনেরে সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ ও জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতারা। সংবাদ প্রকাশঃ ০২-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন