সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ==================
ডিশ ব্যবসায়ী নাসির হত্যা মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডের আদালতপাড়ার সামনে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।
বুধবার (২৪ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নাসিরের স্বজন ও ফতুল্লার চানমারী এলাকার বাসিন্দারা এ কর্মসূচিতে অংশ নেন। অবরোধের ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের অদূরেই প্রকাশ্যে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নাসির হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেফতার এবং এলাকায় মাদক ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবি জানান তারা।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এবং আসামিদের গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, নাসির হত্যা মামলার এজাহারভুক্ত ১০ আসামির মধ্যে চারজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, গত ১৪ মে ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকায় ফ্রেন্ডস ক্যাবল ডিশ লাইন অফিসে ঢুকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে নাসিরকে হত্যা করে। তিনি ওই এলাকার মৃত সাউজুদ্দিনের ছেলে। ঘটনার পর এলাকাবাসী হত্যাকাণ্ডে সরাসরি জড়িত চারজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। সংবাদ প্রকাশঃ ২৪-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com