সিটিভি নিউজ।।সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া কুমিল্লা ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি :=====================
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের গংগানগর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী মো. ওয়াসিমকে রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসার জেরে একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে দায়ের করা দুটি মাদক মামলাকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (৬ জুন) ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন মো. ওয়াসিম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে শশীদল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য (মেম্বার) পদে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সাধারণ মানুষের মধ্যে তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় একটি স্বার্থান্বেষী মহল তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে তিনি দাবি করেন।
ওয়াসিম বলেন, গত ১৭ মে কুমিল্লার বাগমারা এলাকায় ৬ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাঁকে পলাতক আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ ওই ঘটনার সঙ্গে তাঁর কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। প্রকৃত অপরাধীদের আড়াল করতেই তাঁকে পরিকল্পিতভাবে মামলায় জড়ানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, গত ২৫ মে শশীদল বিজিবির অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তির সঙ্গেও তাঁর কোনো পরিচয় বা সম্পর্ক নেই। ওই ব্যক্তিকে তিনি কখনো দেখেননি বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। তবুও তাঁকে ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত দেখিয়ে এলাকায় বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ তাঁর।
সংবাদ সম্মেলনে ওয়াসিম বলেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক ও সামাজিকভাবে তাঁকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে ধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি মোবাইল ফোনের কল রেকর্ড, অবস্থানগত তথ্য (লোকেশন) এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য যাচাই করে প্রকৃত ঘটনার রহস্য উদঘাটনের আহ্বান জানান।
এ সময় তিনি তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে বলেন, সত্য উদঘাটনের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে তাঁকে মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হোক।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও তাঁর সমর্থকরা উপস্থিত ছিলেন।
তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী কিংবা অন্য কোনো পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংবাদ প্রকাশঃ ০৭-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com