দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা

ফেরিঘাটে বারবার দুর্ঘটনা কেন? দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে — শ্রমিক কল্যাণ ফেডারেশন
সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান ঢাকা, ৫ জুন: ===========
রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো. তসলিম।
শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দৌলতদিয়া ফেরিঘাটে বারবার একই ধরনের দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অভাব অত্যন্ত হতাশাজনক। প্রতিটি দুর্ঘটনার পর তদন্ত ও নিরাপত্তা জোরদারের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না। ফলে যাত্রী, চালক, শ্রমিক ও সাধারণ মানুষের জীবন প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে পড়ছে।
নেতৃদ্বয় বলেন, আজকের ঘটনায় সৌভাগ্যক্রমে কোনো যাত্রীর প্রাণহানি ঘটেনি। তবে চালক ও তাঁর সহকারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সমন্বিত প্রচেষ্টায় বাসটি নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনায় আরও দ্রুত সাড়া দিতে উদ্ধার কার্যক্রমের আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে।
তারা উদ্ধার কাজে অংশগ্রহণকারী সকল কর্মকর্তা, কর্মচারী ও উদ্ধারকর্মীদের আন্তরিকতার প্রশংসা করেন। একই সঙ্গে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার ব্যবস্থাকে আরও ত্বরান্বিত ও আধুনিক করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, প্রশ্ন থেকে যায়—আর কত দুর্ঘটনা ঘটলে ফেরিঘাট ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা হবে? ফেরিতে যানবাহন ওঠানামার সময় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি, তদারকির দুর্বলতা এবং দায়িত্বশীল সংস্থাগুলোর অবহেলা এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তির অন্যতম কারণ।
তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দেশের সকল ফেরিঘাটে আধুনিক ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে বিআইডব্লিউটিএ, ফেরি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল সংস্থাকে আরও দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
নেতৃদ্বয় বলেন, মানুষের জীবন কোনোভাবেই অবহেলার শিকার হতে পারে না। নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। জননিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা যায় না।
তারা দেশের সকল নৌপথ ও ফেরিঘাটে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত তদারকি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা চালুর জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। সংবাদ প্রকাশঃ ০৫-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=