শশীদল রেলস্টেশনে চোরাই পণ্যের ভিডিও ধারণ করায় ২ সাংবাদিকদের ওপর হামলা

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান===========
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে ট্রেনে চোরাই ভারতীয় পণ্য ও মাদক পাচারের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। এ সময় তাঁদের মারধর, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে শশীদল রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকরা হলেন দৈনিক কালের কণ্ঠ–এর বুড়িচং-ব্রাহ্মণপাড়া প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয় এবং দৈনিক কুমিল্লা প্রতিদিন–এর সম্পাদক ও প্রকাশক মো. শরিফুল ইসলাম সুমন।
অভিযোগ সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ স্টেশনে যাত্রাবিরতিকালে ট্রেনে অবৈধ ভারতীয় পণ্য ও মাদক তোলার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছিলেন সাংবাদিকেরা। এ সময় কবির হোসেন, পারুল আক্তার, রাসেলসহ অজ্ঞাতনামা ১২ থেকে ১৪ জনের একটি দল তাঁদের ওপর হামলা চালায়।
প্রাণ বাঁচাতে সাংবাদিকেরা মোটরসাইকেলে করে স্থান ত্যাগের চেষ্টা করলে স্টেশনের বাইরে তাঁদের পথরোধ করা হয়। পরে তাঁদের এলোপাতাড়ি মারধর করা হয় এবং সংবাদ প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে হামলাকারীরা সাংবাদিকদের ব্যবহৃত মোবাইল ফোন ও সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। আহত দুই সাংবাদিক স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, শশীদল রেলস্টেশন দিয়ে দীর্ঘদিন ধরে ভারতীয় চোরাই পণ্য ও মাদক পাচার হয়ে আসছে। কয়েকটি সংঘবদ্ধ চক্র সীমান্ত এলাকা থেকে অবৈধ পণ্য এনে ট্রেনযোগে দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছে বলে তাঁদের দাবি।
স্থানীয়দের ভাষ্য, ট্রেন স্টেশনে প্রবেশের সময় প্রায়ই বিদ্যুৎ চলে যায় এবং ট্রেন ছেড়ে যাওয়ার পর আবার বিদ্যুৎ ফিরে আসে। এই সুযোগে অন্ধকারে অবৈধ মালামাল ট্রেনে তোলা হয় বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করলেও শশীদল রেলস্টেশন এলাকায় চোরাচালান বন্ধ হয়নি। মাঝে মধ্যে অভিযান পরিচালিত হলেও কিছুদিন পর আবারও একই কার্যক্রম শুরু হয় বলে অভিযোগ করেন তাঁরা।
ঘটনার পর সাংবাদিকেরা বিষয়টি শশীদল বিওপির কমান্ডারকে জানাতে গেলে ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় কয়েকজন বিজিবি সদস্যকে অভিযুক্তদের সঙ্গে আড্ডা দিতে দেখেছেন বলে দাবি করেন। তবে এ বিষয়ে বিওপি কমান্ডার কোনো মন্তব্য করেননি বলে জানান তাঁরা।
শশীদল রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু তাহের সরকার বলেন, চোরাকারবারিদের কারণে স্টেশনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। ট্রেনে অবৈধ পণ্য ওঠানামার কারণে সাধারণ যাত্রীরাও ভোগান্তিতে পড়ছেন।তিনি সাংবাদিকদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের দাবি জানান।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ প্রকাশঃ ২০-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন