আন্তর্জাতিক শিক্ষা-গবেষণা জোরদারে সিসিএন বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের ইকরা ইউনিভার্সিটির রেজিস্ট্রারের সফর

সিটিভি নিউজ।। কুমিল্লা প্রতিনিধি:আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন পাকিস্তানের স্বনামধন্য ইকরা ইউনিভার্সিটি-এর রেজিস্ট্রার প্রফেসর অসীম মাজীদ রিজভী। তাঁর এই সফরকে দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও একাডেমিক উৎকর্ষ সাধনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০২৫ সালের নভেম্বর মাসে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ‘এসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া এন্ড প্যাসিফিক’ (AUAP)-এর বার্ষিক সম্মেলনে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী এবং ইকরা ইউনিভার্সিটি-এর উপাচার্য প্রফেসর নাসের ইকরামের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। সেই ঐতিহাসিক সমঝোতার ধারাবাহিকতা ও বাস্তবায়নের অংশ হিসেবেই এই সফরের আয়োজন করা হয়।
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ইকরা ইউনিভার্সিটি পাকিস্তানের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি ব্যবসা শিক্ষা, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও গবেষণায় আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছে। দেশটির উচ্চশিক্ষা খাতে গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে প্রতিষ্ঠানটি বিশেষভাবে সক্রিয়।
সফরকালে প্রফেসর অসীম মাজীদ রিজভী সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রশাসন (অবৈতনিক) ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়াম, রেজিস্ট্রার অধ্যাপক মোঃ জামাল নাছের, লিবারেল আর্টস অনুষদের ডিন অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের হেড ও সহকারী অধ্যাপক মনির হোসেনসহ অন্যান্য বিভাগীয় প্রধানদের সঙ্গে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় মিলিত হন।
উক্ত সভায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষার মানোন্নয়ন, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, যৌথ সেমিনার আয়োজন এবং এমফিল ও পিএইচডি প্রোগ্রামে একাডেমিক অংশীদারিত্ব বৃদ্ধিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে বিশদ আলোচনা ও গুরুত্বারোপ করা হয়।মতবিনিময় শেষে পাকিস্তানের প্রতিনিধি দলটি সিসিএন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আধুনিক ল্যাবরেটরি এবং ক্যাম্পাস ঘুরে দেখেন। পরিদর্শন শেষে প্রফেসর অসীম মাজীদ রিজভী বিশ্ববিদ্যালয়ের চমৎকার শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘমেয়াদি ও কার্যকর একাডেমিক সম্পর্ক গড়ে তোলার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, পাকিস্তান সরকারের উচ্চ শিক্ষা বিভাগের প্রতিনিধি দলের এই বাংলাদেশ সফর এবং সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আরেকটি অনন্য মাইলফলক।

উল্লেখ্য, ইকরা ইউনিভার্সিটির প্রতিনিধি দলের এই সফরের সামগ্রিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ও আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক জনাব মোস্তাফিজুর রহমান।সংবাদ প্রকাশঃ ১৯-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন