কুবিতে আইকিউএসির ওরিয়েন্টেশন: সমাপনী দিনে ফার্মেসী বিভাগের অংশগ্রহণ

সিটিভি নিউজ।। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী ওরিয়েন্টেশন, একাডেমিক গাইডলাইন, কাউন্সিলিং ও মোটিভেশনভিত্তিক ১০ দিনব্যাপী কর্মসূচির সমাপনী দিনে ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আজ সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে সমাপনী দিনের কর্মসূচির উদ্বোধন হয়।
আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. নাহিদা বেগম। রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু তাহের এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠান মোট পাঁচটি সেশনে অনুষ্ঠিত হয়। সেগুলো ছিল -কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও নিয়মকানুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও ওবিই সম্মত একাডেমিক প্রোগ্রামের কাঠামো, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নৈতিকতা ও দায়িত্ব, শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস এবং এআই যুগের উপযোগী কর্মসংস্থানযোগ্য ও উদ্ভাবনী গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্য ও দিকনির্দেশনা।
শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, শুধু ভালো শিক্ষার্থী হলেই হবে না, একজন ভালো মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে।
তিনি নবীন শিক্ষার্থীদের ভালো বন্ধু নির্বাচন, নিয়মিত মা-বাবার সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং বিশ্ববিদ্যালয় জীবনে আত্মনিয়ন্ত্রণ ও সময় ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে একাডেমিক জীবনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
তিনি মাদকাসক্তি ও র‍্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, এসব অসুস্থ ও অনৈতিক সংস্কৃতি থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে। র‍্যাগিংয়ে জড়িতদের মানসিকভাবে অসুস্থ উল্লেখ করে তিনি এ ধরনের কর্মকাণ্ড প্রশাসনকে জানাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এছাড়াও তিনি শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে সচেতন থাকার পরামর্শ দিলেও অপসংস্কৃতি ও নেতিবাচক কার্যক্রম থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “জীবনে যদি কোনো ভালো কাজ করতে না পারো, তবে কখনো খারাপ কাজ করবে না।”
অনুষ্ঠানের সভাপতি আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম বলেন, “শিক্ষার্থীদের দক্ষ, নৈতিক ও কর্মসংস্থান উপযোগী গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তুলতে আইকিউএসি বিভিন্ন একাডেমিক, কো-কারিকুলার ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীদের হাতে দেওয়া ফোল্ডারে সাতটি গ্র্যাজুয়েট অ্যাট্রিবিউটস উল্লেখ করা হয়েছে, যেগুলো অর্জনের মাধ্যমে তারা ভবিষ্যতে গ্লোবাল সিটিজেন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ, সময় ব্যবস্থাপনা ও সুশৃঙ্খল একাডেমিক চর্চার বিষয়ে সচেতন করতেই এই ওরিয়েন্টেশন আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ মে থেকে ১০ দিনব্যাপী এই একাডেমিক ওরিয়েন্টেশন অনুষ্ঠান শুরু হয়। সংবাদ প্রকাশঃ ১৮-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন