কুবিতে আইকিউএসির ওরিয়েন্টেশন: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা এবং মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

সিটিভি নিউজ।। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী ওরিয়েন্টেশন, একাডেমিক গাইডলাইন, কাউন্সিলিং ও মোটিভেশনভিত্তিক ১০ দিনব্যাপী কর্মসূচির ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আজ মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে ৭ম দিনের কর্মসূচির উদ্বোধন হয়।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক ড. জি. এম. আজমল আলী কাওসার, মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মেহের নিগার, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. নাহিদা বেগম। রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং একই বিভাগের অধ্যাপক ড. মোঃ মঈনুল হাছান, এআইএস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।
অনুষ্ঠান মোট পাঁচটি সেশনে অনুষ্ঠিত হয়। সেগুলো ছিল -কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও নিয়মকানুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও ওবিই সম্মত একাডেমিক প্রোগ্রামের কাঠামো, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নৈতিকতা ও দায়িত্ব, শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস এবং এআই যুগের উপযোগী কর্মসংস্থানযোগ্য ও উদ্ভাবনী গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্য ও দিকনির্দেশনা।
প্রধান অতিথি মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন শুধু একটি ডিগ্রি অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি নিজেকে আবিষ্কার করার, দক্ষতা গড়ে তোলার এবং নেতৃত্ব শেখার এক অনন্য ক্ষেত্র। ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো বিশ্ববিদ্যালয় জীবন।”
তিনি আরো বলেন, ”আমাদের মনে রাখতে হবে, একজন সফল মার্কেটার শুধু পণ্য বিক্রি করেন না; তিনি মানুষের চাহিদা বোঝেন, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন এবং সেই সম্পর্কের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলার চেষ্টা করেন। একইভাবে একজন দক্ষ ম্যানেজার শুধু একটি অফিস পরিচালনা করেন না; তিনি তার সহকর্মী ও স্টেকহোল্ডারদের অনুপ্রাণিত করেন, দল গঠন করেন এবং কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নেন।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, “আপনারা একটি প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার গৌরব অর্জন করেছেন। আপনারা মেধাবীদের থেকে মেধাবী, আপনাদেরকে অভিনন্দন। বিশ্ববিদ্যালযের এই নতুন জীবনে আপনারাই এখন নিজেদের অভিভাবক। তবে বাবা-মায়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন। আপনাদেরকে বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে হবে। বন্ধু নির্বাচনে ভুল করলে আপনার জীবন গর্তে পড়ে যাবে। সময়ের সদ্ব্যবহার করবেন এবং ভাল কাজ করবেন। আপনাদেরকে ভাল মানুষ হতে হবে কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য অনেক গুণ থাকতে হয়, সেটা আপনাকে এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশে অর্জন করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন থাকা জরুরি। একই সঙ্গে মাদকের মতো মারাত্মক ব্যাধি থেকে দূরে থাকতে হবে।
অনুষ্ঠানের সভাপতি আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, “আইকিউএসি’র প্রধান কাজ হলো মানসম্মত শিক্ষা প্রদানের প্রক্রিয়াকে সহজতর করা। সেই ভিত্তিতে আমরা ইতিমধ্যে কয়েকটি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হাতে নিয়েছি। আমরা চাই আমাদের ছাত্র-ছাত্রীরা অন্তত দুটি ল্যাঙ্গুয়েজে কম্পিটেন্ট হোক। বাংলার পাশাপাশি ইংরেজি বলার দক্ষতা গড়ে উঠুক সবার। সেজন্য আমরা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায়ও ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করবো। আমরা চাই, আমাদের ছাত্র-ছাত্রীরা ডিজিটালি লিটারেট হোক, আইটি বেজড কম্পিটেন্সি তাদের ডেভেলপ করুক পাশাপাশি লিডারশিপ, ম্যানেজমেন্ট এবং উদ্যোক্তা হওয়ার সক্ষমতা তৈরি করুক।’
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মানসিক ও একাডেমিক সহায়তা নিশ্চিত করতে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিলিং চালু করতে চাই। এটি চালু হলে আমাদের শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত জীবনের নানান সমস্যা নিয়ে কথা বলতে পারবে।’
উল্লেখ্য, গত ৩ মে থেকে ১০ দিনব্যাপী এই একাডেমিক ওরিয়েন্টেশন অনুষ্ঠান শুরু হয়। সংবাদ প্রকাশঃ ১২-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=