হায়দরাবাদের ‘কেয়া ডেন্টাল কেয়ার’ নামে ভুয়া ডেন্টিস্ট চেম্বার সিলগালা

সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ ==============
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হায়দরাবাদ বাজারে ‘কেয়া ডেন্টাল কেয়ার’ নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে মাহমুদুল হাসান দুলাল নামে এক ভুয়া ডেন্টিস্টকে শনাক্ত করে তার চেম্বারটি সিলগালা করে দেওয়া হয়। শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহানের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মাহমুদুল হাসান দুলাল দীর্ঘদিন ধরে ডেন্টিস্ট পরিচয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। বিডিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও তিনি জটিল সব দাঁতের চিকিৎসা ও অস্ত্রোপচার করতেন। তিনি কেবল হায়দরাবাদেই নয়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বাজারে ‘মা ডেন্টাল’ নামে আরও একটি চেম্বার পরিচালনা করে আসছিলেন। অভিযুক্তের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়।
অভিযান চলাকালে একাধিক ভুক্তভোগী তাদের ওপর হওয়া অপচিকিৎসার বর্ণনা দেন। এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সামান্য দাঁত ফিলিং করাতে গিয়েছিলাম। কিন্তু এই ভুয়া চিকিৎসক আমার সুস্থ দুটি দাঁত নষ্ট করে দিয়েছেন। পরে ঢাকায় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হয় এবং সুস্থ হতে আমার প্রায় ১ লাখ টাকা খরচ হয়েছে।” এমন আরও অনেক রোগী ভুল চিকিৎসার কারণে স্থায়ী শারীরিক ও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
চেম্বার সিলগালা করার পর ডা. নুসরাত জাহান জানান, লাইসেন্সবিহীন ও ভুয়া ডিগ্রিধারী কারো চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ নেই। জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এ ঘটনায় কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্রে জানানো হয়েছে, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে একটি উচ্চপর্যায়ের তদন্ত টিম গঠন করা হবে।
কুমিল্লার সিভিল সার্জন ডাঃ আলী নুর বশীর বলেন, “জেলায় ভুয়া চিকিৎসক ও অবৈধ ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।”
হায়দরাবাদ বাজারের ব্যবসায়ীরা ও সাধারণ জনগণ দ্রুত অভিযুক্ত মাহমুদুল হাসান দুলালকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, এসব নামধারী চিকিৎসকের কারণে সাধারণ মানুষের জীবন আজ হুমকির মুখে। সংবাদ প্রকাশঃ ০৪-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=