সুদের টাকা কম দেওয়ায় কৃষকের উপর হামলার অভিযোগ ইটের আঘাতে মুখ থেঁতলে হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ

সিটিবি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান ===============
কুমিল্লার বুড়িচং উপজেলায় সুদের টাকা নিয়ে বিরোধের জেরে এক কৃষকের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত সুদ ব্যবসায়ী ও তার ছেলে কৃষকের বাড়িতে গিয়ে মারধর করে এবং ইট দিয়ে আঘাত করে তার মুখ থেঁতলে দেয় বলে অভিযোগ করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনাটি গত বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের সোন্দ্রম গ্রামে ঘটে। এ ঘটনায় শনিবার রাতে বুড়িচং থানায় অভিযুক্ত পিতা–পুত্রের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোন্দ্রম গ্রামের আলী আকবরের ছেলে মো. মাহফুজ (৪৫)-এর কাছ থেকে একই গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে কৃষক গোলাম মোস্তফা (৪৩) ২০২০ সালে করোনাকালে ৭০ হাজার টাকা সুদে নেন। পরে দোকানের বকেয়া ৩০ হাজার টাকাসহ মোট ১ লাখ টাকা দেন মাহফুজ।
ভুক্তভোগী গোলাম মোস্তফা জানান, ২০২৪ সালের ডিসেম্বর মাসে তিনি সুদ ও আসল মিলিয়ে মোট ১ লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করেন। এরপরও সুদ ব্যবসায়ী মাহফুজ আরও ২০ হাজার টাকা দাবি করেন। সে সময় গ্রামের সর্দার বাবুল মিয়া উপস্থিত থেকে বিষয়টি মীমাংসা করে দেন।
তবে অভিযোগ রয়েছে, দাবিকৃত অতিরিক্ত টাকার জন্য ২০২৫ সালের মার্চ মাসে মাহফুজ ও তার ছেলে মোজাম্মেল হোসেন আবারও হামলার চেষ্টা করেন। সর্বশেষ গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে তারা গোলাম মোস্তফার বাড়িতে গিয়ে তার মা, স্ত্রী ও মেয়ের সামনে মারধর করেন এবং ইট দিয়ে আঘাত করে তার মুখ থেঁতলে দেন।
চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে অভিযুক্ত মাহফুজ বলেন, “আমরা গোলাম মোস্তফার বাড়িতে গেলে সে-ই আমাদের ওপর প্রথমে আক্রমণ করে। আত্মরক্ষার্থে আমরা প্রতিরোধ করেছি। বিষয়টি গ্রামের লোকজন মীমাংসার চেষ্টা করছে।”
দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, অভিযোগটি তার কাছে রয়েছে এবং বিষয়টি নিয়ে স্থানীয় সর্দার-মাতব্বররা মীমাংসার চেষ্টা করছেন। তবে পুলিশি তদন্ত চলমান রয়েছে।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া বলেন, “আমি ছুটিতে ছিলাম, তাই বিষয়টি জানা ছিল না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সংবাদ প্রকাশঃ ২০-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=