দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর পরিবারের প্রতি উপজেলা প্রশাসনের সহমর্মিতা

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ============
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন গ্রামের প্রবাসী শাহ আলম ভূঁইয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। দুবাইয়ে কর্মস্থলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত এই প্রবাসীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। পাশাপাশি নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে ২০১৩ সালে প্রথমবারের মতো দুবাই যান শাহ আলম ভূঁইয়া। সর্বশেষ ২০২৫ সালে তিন মাসের ছুটি কাটিয়ে তিনি পুনরায় কর্মস্থলে ফিরে যান। চার সন্তানের জনক শাহ আলমের (৪৪) এমন অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের মাতম।
বুধবার (বাংলাদেশ সময় রাত ৯টার দিকে) দুবাইয়ে তার কর্মস্থলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তিনি নিহত হন। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের মৃত হানিফ ভূঁইয়ার ছেলে। প্রবাসী শাহ আলম ভূঁইয়ার মর্মান্তিক মৃত্যুর খবরটি এলাকায় পৌঁছানোর পর থেকেই হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিহতের স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। সংবাদ প্রকাশঃ ০২-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=