সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ==============
পবিত্র ঈদুল ফিতর শেষ হওয়ার এক সপ্তাহ পার হলেও কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কে ভাড়া নৈরাজ্য অব্যাহত রেখেছে অসাধু চালকেরা।এ সড়কে সিএনজি ও অটোরিকশার ভাড়া এখনো দুই থেকে তিনগুণ নিচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লা রুটে যেখানে স্বাভাবিক ভাড়া ৬০ টাকা, সেখানে যাত্রীদের কাছ থেকে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর ভাড়া আরও বেড়ে যায় এবং অনেক ক্ষেত্রে যাত্রীদের জিম্মি করে ইচ্ছেমতো ভাড়া নেওয়া হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, আগে রাস্তা ভাঙাচোরা থাকার অজুহাতে অতিরিক্ত ভাড়া নেওয়া হলেও বর্তমানে কুমিল্লা থেকে বুড়িচং পর্যন্ত সড়ক উন্নত হওয়ার পরও সেই অতিরিক্ত ভাড়া কমেনি। বরং ঈদের সময় বাড়ানো ভাড়াকে স্থায়ী করার চেষ্টা চলছে।
যাত্রীরা জানান, কেউ নির্ধারিত বা ন্যায্য ভাড়া দিতে চাইলে তাকে গাড়িতে তোলা হয় না। অনেক ক্ষেত্রে প্রতিবাদ করলে অপমানজনক আচরণের শিকার হতে হয়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারী যাত্রী ও পরিবারসহ ভ্রমণকারীরা। তাদের দীর্ঘ সময় রাস্তায় অপেক্ষা করতে হয় এবং অতিরিক্ত ভাড়া নিয়ে কথা বললে প্রকাশ্যে অপমানিত হতে হচ্ছে।
স্থানীয় সচেতন মহল বলছে, কিছু অসাধু সিএনজি চালক সিন্ডিকেট করে এই ভাড়া নৈরাজ্য চালাচ্ছে। প্রশাসনের তদারকি না থাকায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, প্রশাসনের উপস্থিতি টের পেলে চালকেরা সাময়িকভাবে এলাকা ত্যাগ করে, পরে আবার আগের মতো অতিরিক্ত ভাড়া আদায় শুরু করে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া-কুমিল্লা রুটের এক সিএনজি চালক জহির মিয়া বলেন, যাত্রী বেশি থাকায় চাহিদা বেড়েছে, তাই একটু বেশি ভাড়া নিলে দোষের কিছু নেই, সবাই তো নিচ্ছে।
আরেক চালক মানিক জানান, এই এলাকায় গ্যাস স্টেশন না থাকায় দূর থেকে গ্যাস আনতে হয়। এছাড়া যন্ত্রাংশের দাম বেড়েছে, তাই বাধ্য হয়ে বেশি ভাড়া নিতে হচ্ছে।
এদিকে, ঈদ শেষে ঢাকায় কর্মস্থলে ফেরা যাত্রী মোজাম্মেল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিবার নিয়ে ঈদ করতে এসে এখন বাড়তি ভাড়া দিয়ে ফিরতে হচ্ছে। এ সড়কে ভাড়ার কোনো নিয়ন্ত্রণ নেই, দেখারও কেউ নেই।
বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এ দুই উপজেলার মানুষের কুমিল্লা শহরের সাথে নিত্যদিনের যাতায়াতের গুরুত্বপূর্ণ এই সড়কে ভাড়া নৈরাজ্য বন্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী যাত্রী ও সচেতন নাগরিকরা। তারা নিয়মিত মনিটরিং, নির্ধারিত ভাড়া তালিকা বাস্তবায়ন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, উৎসব এলেই কিছু অসাধু সিএনজি চালক নিজেদের ইচ্ছামতো ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করে। বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে।
তিনি বলেন, ইতিমধ্যে এ নিয়ে কয়েকটি অভিযান পরিচালনা করা হয়েছে। ভাড়া নৈরাজ্য বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২৮-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com