ঈদ সামগ্রী বিতরণ সহমর্মিতা নাকি বিড়ম্বনা?

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার কুমিল্লা ================
পবিত্র ঈদ-উল-ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ সময় সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক-সাংগঠনিক প্রতিষ্ঠান দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকে। ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বা ঈদ উপহার বিতরণের এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিক ও প্রশংসনীয়। তবে অনেক ক্ষেত্রে এ উদ্যোগের বাস্তব চিত্র প্রশ্নের জন্ম দেয়—এটি কি সত্যিই সহমর্মিতার বহিঃপ্রকাশ, নাকি অনিচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের জন্য বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াচ্ছে?
সম্প্রতি কুমিল্লা নগরীসহ বিভিন্ন স্থানে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে এমন কিছু বাস্তবতা সামনে এসেছে, যা নতুন করে ভাবার অবকাশ তৈরি করেছে। জানা যায়, প্রায় ৪৫০ টাকার একটি প্যাকেটে দুই কেজি আলু, এক কেজি করে চাল ও চিনি, আধা কেজি ডাল, সেমাই ও গুঁড়ো দুধ দেওয়া হয়। কিন্তু এই সামান্য উপহার পেতে অনেক মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান, সকাল নয়টায় শুরু হওয়া বিতরণ কার্যক্রম শেষ হয় প্রায় এগারটার দিকে। এই তিন ঘণ্টা সময় অপেক্ষা করতে গিয়ে একজন দিনমজুর বা খেটে খাওয়া মানুষের কর্মঘণ্টা নষ্ট হয়। যার আর্থিক মূল্য প্রায় ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত হতে পারে। এর সঙ্গে যোগ হয় যাতায়াত খরচ—প্রায় ১০০ থেকে ১২০ টাকা। ফলে বাস্তব হিসেবে দেখা যায়, যে উপহার পাওয়া গেল তার মূল্য ও প্রাপ্তির খরচ প্রায় সমান হয়ে দাঁড়ায়।
তিনি আরও বলেন, “আমরা খেটে খাওয়া মানুষ, যা পাই তাতেই খুশি থাকার চেষ্টা করি।” কথাটি বিনয়ী শোনালেও এর ভেতরে লুকিয়ে আছে কঠিন বাস্তবতা। কারণ অনেক ক্ষেত্রেই মানুষ বাধ্য হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে, কিন্তু বাস্তবতা হয়তো ভিন্ন কথা বলে।
এখানে প্রশ্ন উঠতে পারে—সহায়তার উদ্দেশ্য যদি মানুষের কষ্ট লাঘব করা হয়, তাহলে সেই সহায়তা পেতে গিয়ে কেন তাদের অতিরিক্ত কষ্ট ভোগ করতে হবে? অনেক সময় দেখা যায়, কোনো বিশেষ অতিথি বা নেতার আগমনের অপেক্ষায় বিতরণ কার্যক্রম বিলম্বিত হয়। ফলে ঘণ্টার পর ঘণ্টা সাধারণ মানুষকে দাঁড়িয়ে থাকতে হয়। মানবিক সহায়তার এমন আয়োজন যদি মানুষের মর্যাদা ও সময়ের মূল্যকে উপেক্ষা করে, তবে তার উদ্দেশ্য অনেকাংশে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
এটিও সত্য, রাষ্ট্র যখন তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়, তখন ব্যক্তি বা সামাজিক উদ্যোগই অনেক সময় অসহায় মানুষের ভরসা হয়ে ওঠে। কিন্তু সেই উদ্যোগগুলোও যদি যথাযথ পরিকল্পনা ও মানবিক দৃষ্টিভঙ্গির অভাবে পরিচালিত হয়, তাহলে তা কাঙ্ক্ষিত সুফল দিতে পারে না।
ঈদ সামগ্রী বিতরণ অবশ্যই চলবে—কারণ সমাজে সহমর্মিতা ও মানবিকতার বিকল্প নেই। তবে এই কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, সময়োপযোগী এবং মর্যাদাপূর্ণ করা জরুরি। বিতরণের সময় দীর্ঘ অপেক্ষা কমানো, স্থানীয় জনপ্রতিনিধি বা অতিথির জন্য দরিদ্র মানুষকে অপেক্ষা করিয়ে না রাখা, এবং প্রকৃত উপকারভোগীদের সময় ও সম্মানের বিষয়টি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কুমিল্লা নগরীসহ দেশের বিভিন্ন স্থানে যে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে, তা যেন মানুষের মন জয় করার মাধ্যম হয়—পরাজয়ের নয়। সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো বিষয়টি গভীরভাবে বিবেচনা করবেন—এমনটাই প্রত্যাশা সমাজের সচেতন মহলের। সংবাদ প্রকাশঃ ১৬-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=