কুসিক ২৪ নং ওয়ার্ড সচিব আবুল বাসারের উপর হামলার প্রতিবাদে স্মারকলিপি প্রদান

সিটিভি নিউজ@নিজস্ব প্রতিবেদকঃ 

কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড সচিব আবুল বাসারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে ওয়ার্ড সচিব ফোরাম, কুমিল্লা সিটি কর্পোরেশন।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে সংগঠনের নেতৃবৃন্দ উল্লেখ করেন, একজন দায়িত্বশীল কর্মকর্তা তার দাপ্তরিক দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হওয়া অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়। এটি শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং পুরো প্রশাসনিক ব্যবস্থার ওপর হুমকিস্বরূপ।

স্মারকলিপিতে বলা হয়, এ ধরনের ঘটনা যদি দ্রুত ও কঠোরভাবে দমন করা না হয়, তবে ভবিষ্যতে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক দায়িত্ব পালনে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এবং প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ণ হতে পারে।

এ সময় ওয়ার্ড সচিব ফোরামের পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো— ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

ওয়ার্ড সচিব ফোরাম কুমিল্লা সিটি কর্পোরেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্মারকলিপিতে স্বাক্ষর করেন এবং দ্রুত দাবিসমূহ বাস্তবায়নের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন