টেকনাফে কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযান নারী-পুরুষ ও শিশুসহ ৩২ জন উদ্ধার

সিটিভি নিউজ।।ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি =================
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।
রবিবার (৮ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মাপাড়া এলাকায় কুখ্যাত মানবপাচারকারী আব্দুল আলী এলজিইডি সড়ক সংলগ্ন একটি পেঁপে বাগানে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটক করে রেখেছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও র্যাবের সমন্বয়ে ওই এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বাগানটিতে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে আটক করে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।
উদ্ধারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, মানবপাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০৮-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=