ও+ ব্লাড ডোনার ও এটিএস সংগঠনের যৌথ আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। ওমর শারিদ বিধানঃ
কুমিল্লায় ও+ ব্লাড ডোনার ও এটিএস(আলোকিত তারুণ্য সংগঠন) এর যৌথ আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে কুমিল্লা চান্দিনা চিলোড়া নূরে মাদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পবিত্র কুরআনের হাফেজ তৈরির লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে অংশ নেওয়া প্রতিযোগীরা নির্ধারিত অংশ থেকে কুরআন তিলাওয়াত করে তাদের মেধা ও যোগ্যতার পরিচয় দেয়।
এসময় উপস্থিত ছিলেন- আলোকিত তারুণ্য সংগঠন এর চেয়ারম্যান ওমর ফারুক রাজন, আলোকিত তারুণ্য সংগঠন এর সভাপতি ও কুসিক ১৬নং ওয়ার্ড সচিব মোঃ ফয়সাল আহমেদ, ও+ পজেটিভ ব্লাড ডোনার্স অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ইয়ার মোহাম্মদ রনি, আলোকিত তারুণ্য সংগঠন এর সহ-সাধারন সম্পাদক আশিকুল ইসলাম সাকিব, সাংগঠনিক সম্পাদক সাজিদুল ইসলাম রাফি, স্থানীয় আলেম-ওলামা, সমাজসেবী ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।
আলোকিত তারুণ্য সংগঠন এর সভাপতি মোঃ ফয়সাল আহমেদ বলেন- কুরআনের শিক্ষাকে জীবনের সর্বক্ষেত্রে ধারণ করতে পারলেই সমাজ আলোকিত হবে। নতুন প্রজন্মকে কুরআনের পথে পরিচালিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।