পেকুয়ায় ঘুষের টাকা ফেরত চাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে মা–মেয়ের এক মাসের কারাদণ্ড

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ============
কক্সবাজারের পেকুয়া থানায় এক কলেজছাত্রী ও তার মাকে ঘিরে সৃষ্ট ঘটনার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা শুরু হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে।

জানা যায়, জুবাইদা কক্সবাজার সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা গেছে, শৈশবেই তার বাবা–মায়ের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর জুবাইদার মা তাকে নিয়ে বাবার বাড়িতে ফিরে যান এবং নানা প্রতিকূলতার মধ্যেও মেয়েকে লেখাপড়া করান।

পরিবারের তথ্যমতে, ২০১৩ সালের ২৩ মে জুবাইদার বাবা মারা গেলে তিনি পৈতৃক সম্পত্তিতে উত্তরাধিকার দাবি করেন। তবে জুবাইদার অভিযোগ, তার চাচারা তাকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করেন এবং ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশ সনদ পেতেও জটিলতার মুখে পড়তে হয়।

পরিবারের দাবি, বিষয়টি আইনি প্রক্রিয়ায় গেলে তদন্তের দায়িত্ব পেকুয়া থানার পুলিশের কাছে যায়। একপর্যায়ে জুবাইদা ও তার মা থানায় গিয়ে তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এ সময় তাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুল আলম মাহবুব বলেন, জুবাইদা ও তার মা থানায় এসে অস্বাভাবিক আচরণ করেন এবং ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর চড়াও হন। তাদের বোঝানোর চেষ্টা করা হলেও তারা পরিস্থিতি শান্ত না করে বিশৃঙ্খল আচরণ ও অশালীন ভাষায় গালাগাল করতে থাকেন। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, মা–মেয়ে থানায় এসে পুলিশের ওপর হামলা করেছেন। তাই ইউএনও মহোদয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের উপযুক্ত সাজা প্রদান করেছেন। ঘুষ লেনদেনের অভিযোগের বিষয়ে তিনি অবগত নন বলেও জানান।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চেয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই পল্লবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বর্তমানে মা–মেয়ে কক্সবাজার জেলা কারাগারে রয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে স্থানীয় মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং অনেকেই বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন। সংবাদ প্রকাশঃ ০৬-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন