সুষ্ঠু নির্বাচনে সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান -বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি ==============
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সকল রাজনৈতিক দল, আইন-শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও সহনশীল আচরণ করার অনুরোধ জানান।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে মনিরুল হক চৌধুরী বলেন, গত সোমবার রাতে দুর্গাপুর উত্তর ইউনিয়নের বড়দৈল গ্রামে রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে বিএনপির দুইজন কর্মী আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই তিনি আহতদের দেখতে হাসপাতালে যান।তিনি বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে এভাবে সহিংসতা কখনোই কাম্য নয়। দীর্ঘ আন্দোলনের পথচলায় আমরা অনেকেই একসঙ্গে রাজপথে ছিলাম। কেউ যেন ক্ষমতা বা স্বার্থের জন্য সহযোদ্ধার ওপর জুলুম না করে—এটাই আমার প্রত্যাশা। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র প্রসঙ্গে তিনি জানান, যেসব কেন্দ্রকে তিনি ঝুঁকিপূর্ণ মনে করছেন, সেগুলোর একটি তালিকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করবে।আসন্ন নির্বাচন প্রসঙ্গে বিএনপি প্রার্থী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে প্রচার-প্রচারণার সময় শেষ হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে শেষ দিন পর্যন্ত তিনি নিয়মতান্ত্রিকভাবে প্রচার চালিয়েছেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবারের নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। সেই চেতনা রক্ষার দায়িত্ব আজ আমাদের সবার।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, ভোটের দিন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেউ যদি অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে তা কঠোর হাতে দমন করতে হবে। এই নির্বাচনের মধ্য দিয়েই জনগণের আস্থা পুনরুদ্ধারের সুযোগ রয়েছে।
কুমিল্লা-৬ আসনের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো ধরনের ভয় বা শঙ্কা ছাড়াই সবাইকে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। তিনি একজন প্রার্থী হিসেবে সকল শ্রেণি-পেশা ও মতাদর্শের মানুষের ভোট ও সমর্থন কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারসহ স্থানীয় নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ১০-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=