কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে প্রার্থীদের সম্পদের হিসাব: হাসনাতের ৫০ লাখ টাকার অস্থাবর সম্পদ: মঞ্জু মুন্সীর চেয়ে স্ত্রীর সম্পদ বেশি; রয়েছে ২৩ মামলা

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার: সংবাদদাতা জানান =====
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের দুই হেভিওয়েট প্রার্থী,- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং বিএনপি মনোনীত, জাতীয় কমিটির সদস্য ও ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর হলফনামা থেকে উঠে এসেছে সম্পদ ও মামলার বিস্তারিত চিত্র।
এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর অস্থাবর সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকা। তবে তাঁর নামে কোনো প্লট, ফ্ল্যাট, ভবন, বাড়ি, গাড়ি কিংবা কৃষি-অকৃষি জমি নেই। নেই কোনো মামলা বা ব্যাংক ঋণও।
হলফনামা অনুযায়ী, তাঁর বার্ষিক আয় ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। নগদ অর্থ রয়েছে ১৩ লাখ ৫০ হাজার টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১৩ লাখ টাকা। চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে তিনি আয়কর দিয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৩১ টাকা এবং আয়কর রিটার্নে মোট সম্পদ দেখিয়েছেন ৩১ লাখ ৬৭ হাজার ৬১৯ টাকা।
হাসনাত আব্দুল্লাহ পেশায় ব্যবসায়ী। তাঁর জন্ম ১৯৯৮ সালের ১৩ সেপ্টেম্বর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তাঁর স্ত্রী সাবরিনা জাহান নুসরাত গৃহিণী; তাঁর নামে কোনো সম্পদ নেই। পিতা-মাতা, স্ত্রী ও সন্তান তাঁর আয়ের ওপর নির্ভরশীল বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
গত সোমবার (২৯ ডিসেম্বর) দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
অন্যদিকে, একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর তুলনায় তাঁর স্ত্রীর সম্পদের পরিমাণ বেশি। হলফনামা সূত্রে জানা যায়, ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত তাঁর বিরুদ্ধে মোট ২৩টি মামলা হয়েছিল। এর মধ্যে ৬টিতে তিনি খালাস পেয়েছেন এবং বাকি মামলাগুলো স্থগিত বা প্রত্যাহার হয়েছে। তিনি ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী পেশায় ব্যবসায়ী ও বিএসসি ইঞ্জিনিয়ার। তাঁর কৃষি থেকে বার্ষিক আয় ৩ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা। স্ত্রী ও সন্তানের বার্ষিক আয় দেখানো হয়েছে ৬ লাখ ৭৫ হাজার টাকা। একটি ফার্মের পরিচালক হিসেবে তিনি বছরে ১২ লাখ টাকা ভাতা পান। তাঁর নামে নগদ অর্থ রয়েছে ৭ লাখ ৯৪ হাজার ৯৬০ টাকা, আর স্ত্রী মাজেদা আহসান মুন্সীর নামে রয়েছে ২১ লাখ ৮৭ হাজার ৯৮৩ টাকা। অস্থাবর সম্পদের মোট মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৪০ লাখ টাকা এবং স্ত্রীর নামে ১ কোটি ৭০ লাখ টাকা। স্থাবর সম্পত্তির মধ্যে তাঁর নামে প্রায় পৌনে ২ একর কৃষিজমি এবং স্ত্রীর নামে ২ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকার বাড়ি ও অ্যাপার্টমেন্ট রয়েছে। আয়কর বিবরণীতে তাঁর মোট সম্পদ দেখানো হয়েছে ১ কোটি ৩২ লাখ ১৪ হাজার টাকা এবং স্ত্রীর নামে ৩ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা।
দেবীদ্বার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনটি জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন। আগামী ১২ ফেব্রæয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে এ আসনে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন। মোট ১১৬টি ভোটকেন্দ্রের ৭২৫টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ছবির ক্যাপশন: কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী ও এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ০১-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন